ঈদে মুক্তির তালিকায় ১২ সিনেমা, শেষ পর্যন্ত মুক্তি পাবে কয়টি

ঈদে মুক্তির তালিকায় আছে বড় তারকাদের সিনেমাকোলাজ: মাহাফুজার রহমান

ঈদ এলেই যেন জেগে ওঠে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। কয়েক বছর ধরেই এ চিত্র। বছরের অন্য সময় প্রেক্ষাগৃহে দর্শক টানতে হিমশিম খেলেও দুই ঈদ ঘিরে তৈরি হয় অন্য রকম উন্মাদনা। সেই উন্মাদনা এবার যেন রেকর্ড করতে চলেছে—মুক্তির ঘোষণায় আছে ১২টি সিনেমা। কিন্তু সীমিত প্রেক্ষাগৃহ, বড় বাজেটের ছবি এবং শেষ মুহূর্তের সিদ্ধান্ত—সব মিলিয়ে প্রশ্ন, শেষ পর্যন্ত কয়টি ছবি টিকবে?

‘প্রিন্স’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খান
ভিডিও থেকে

শাকিবের ‘প্রিন্স’: সময়ের সঙ্গে পাল্লা
নাম ঘোষণার পর থেকেই শাকিব-ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ। নব্বইয়ের দশকের অপরাধজগতের পটভূমিতে তৈরি ‘প্রিন্স’-এ ঢাকার গ্যাংস্টার–সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হবে। শুরুতে ছবিটির বড় অংশের শুটিং ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে পরে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ধারণ করা হয় ছবির কিছু অংশ। বর্তমানে কলকাতায় চলছে শেষ লটের শুটিং।
ঢালিউড–সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ, শুটিং শেষ হবে না। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, শুটিং, সম্পাদনা, কালার গ্রেডিং ও মিউজিক একসঙ্গে এগোচ্ছে। টিজার শিগগিরই প্রকাশের পরিকল্পনা রয়েছে। সময়ের চাপ থাকলেও মানের সঙ্গে আপস করা হচ্ছে না। প্রিন্স সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণ। বড় বাজেট, বিদেশি লোকেশন ও অ্যাকশনের কারণে ছবিটি ঈদের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শুটিং সময়মতো শেষ না হলে মুক্তির অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

‘দম’ সিনেমার মহরতে চঞ্চল চৌধুরী পূজা চেরী ও আফরান নিশো

নিশোর ‘দম’: আন্তর্জাতিক লোকেশনে সারভাইভালের গল্প
ওটিটি ও সিনেমা—দুই মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আফরান নিশো। এবার ঈদে তাঁর ভরসা ‘দম’। পরিচালনায় রেদওয়ান রনি। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার ছবিটির একটা বড় অংশের শুটিং কাজাখস্তানে হয়েছে। সীমিত অংশ দেশে ধারণ করা হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির টিজার প্রকাশের কথা জানিয়েছেন ছবিটির প্রযোজকেরা। নিশোর পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। কনটেন্টনির্ভর ও বাস্তবধর্মী গল্পের কারণে ছবিটি মধ্যবিত্ত ও শহুরে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে।

‘মালিক’ ও ‘রাক্ষস’: অ্যাকশন–ঢেউ
বিরতির পর ঈদ উৎসবে দেখা যাবে আরিফিন শুভর নতুন ছবি ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিটির বর্তমানে পোস্টপ্রোডাকশনের কাজ চলছে।
‘বরবাদ’ বানিয়ে আলোচনায় আসেন পরিচালক মেহেদী হাসান। এবার ঈদে আসছে তাঁর ‘রাক্ষস’। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালক জানান, ‘বরবাদ’ সিনেমার মতো ‘রাক্ষস’-এও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স থাকবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ছবিটির শুটিং হয়েছে।
দুটি ছবিই তরুণ দর্শককে টার্গেট করে তৈরি।

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

‘দুর্বার’, ‘ট্রাইব্যুনাল’, ‘প্রেশার কুকার’: থ্রিলার ও সাসপেন্স
থ্রিলার ঘরানার ছবি ‘দুর্বার’ দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও অপু বিশ্বাস। ছবিটি বানিয়েছেন কামরুল হাসান ফুয়াদ। থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির শুটিং শেষে এখন সম্পাদনার কাজ চলছে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ‘ট্রাইব্যুনাল’। নির্মাতা রায়হান খানের ছবিটিতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।
পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রেশার কুকার’। পরিচালক রায়হান রাফী ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, এ সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। নারী চরিত্রদের ঘিরে আবর্তিত হবে পুরো গল্প। গত শনিবার ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় রাফী লেখেন, ‘এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে...।’ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাটকীয়তা—এমনটাই জানা গেছে।

‘বনলতা এক্সপ্রেস’–এর অভিনয়শিল্পী ও নির্মামা। হইচইয়ের সৌজন্যে

সাহিত্যভিত্তিক সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’
‘উৎসব’ বানিয়ে সবাইকে চমকে দেন পরিচালক তানিম নূর। এবার ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্টপ্রোডাকশন। ছবিটি নিয়ে কথা হয় তানিম নূরের সঙ্গে। তিনি বলেন, ‘অসাধারণ শুটিং অভিজ্ঞতা। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী—সবাই আন্তরিক প্রচেষ্টা ছিল। আমরাও একদম সময়মতো কাজটা শেষ করতে পেরেছি। পর্দায় সবার আন্তরিক প্রচেষ্টা দর্শক দেখবেন, কাজটিও তাঁদের মনে আলাদা একটা ছাপ ফেলবে।’
‘উৎসব’–সাফল্য কি ‘বনলতা এক্সপ্রেস’ এর ক্ষেত্রে কোনো চাপ ফেলেছে—এমন প্রশ্নে তানিম নূর বলেন, ‘একদমই না। এটার সাফল্য বরং অনুপ্রেরণা ছিল, নইলে ছবিটি বানাতে আমার আরও দুই বছর বেশি সময় লেগে যেত।’

পরীমনি
ছবি : শিল্পীর ফেসবুক থেকে

অনুদানের সিনেমা ও অন্যান্য
মুক্তির তালিকায় আছে আলোচিত চিত্রনায়িকা পরীমনির সিনেমাও। ‘ডোডোর গল্প’ নামে ছবিটি বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এ সিনেমায় পরীমনিকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে।
এর বাইরে মুক্তির তালিকায় আছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ প্রমুখ। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ গত রোজার ঈদেই মুক্তির কথা ছিল। পরে কোরবানির ঈদ, দুর্গাপূজা—নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হলেও প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছাতে পারেনি ছবিটি। এবার ঈদেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। ববি অভিনীত ছবি ‘তছনছ’ও মুক্তির কথা রয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার নায়ক মুন্না খান।

মণিহার সিনেমা হল

হল–সংকট: সংখ্যার চাপে ব্যবসার ঝুঁকি
প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন জানান, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলে দেশে এখন প্রেক্ষাগৃহ আছে ৬০-৭০টি। ঈদে বন্ধ থাকা শ খানেক প্রেক্ষাগৃহ চালু হয়। এই কয়েকটি প্রেক্ষাগৃহে ১২ ছবি মুক্তি দেওয়াটা একেবারেই অযৌক্তিক। ঢাকার একাধিক মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ প্রথম আলোর সঙ্গে আলাপে জানায়, ঈদে এত ছবি মুক্তি না দিয়ে সর্বোচ্চ তিন-চারটি দিলেই ভালো। এতে প্রযোজকেরা ব্যবসায়িকভাবে লাভবান থাকেন।
সংখ্যার এ লড়াইয়ে শেষ পর্যন্ত কারা টিকে থাকবে, সেটিই এখন দেখার বিষয়।