টিভি সাক্ষাৎকারে জায়েদ খানের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ খান। ছবি: ফেসবুক

বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক জায়েদ খানের মন্তব্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে। আমার যত ফোন আসে, সব মেয়েদের। আমি যত গিফট পাই, সব মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটা আনবিলিভেবল। অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। বলেছি আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। তবে আমি আগুন হয়েই থাকতে চাই। আমি সুন্দরীদের জ্বালাতে চাই।’

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে জায়েদ খান জানান, তিনি এখনো প্রেম করছেন না। ভালো লাগলে প্রেম করবেন, তাঁকেই বিয়ে করবেন।

জায়েদ খান
ছবি: ফেসবুক

তাঁর ভাষ্যে, ‘আমি সৌন্দর্য ভালোবাসি। সেটা পজেটিভলি দেখছেন সবাই।’ মন্তব্য করে বলছেন, ‘তাঁরা আমার সঙ্গে প্রেম করতে চান। আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তাঁরা মন থেকে আমাকে চান। এর কারণ, আমি তো নোংরামি করিনি। করলে এত দিনে অনেক কিছু বের হতো।’

নিজের পরিচয় তুলে ধরে জায়েদ খান বলেন, ‘আমি একজন শিক্ষিত ছেলে। এটাই জায়েদ খানের পরিচয়। জায়েদ আগুন হয়েই থাকবে।’

জায়েদ খানের জন্ম ও বেড়ে ওঠা মফস্‌সলে। এরপর এসেছেন ঢাকা শহরে। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা প্রসঙ্গে জায়েদ খান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আর্থিক অসচ্ছলতায় দিন পার করেছেন। অনেক সময় দূর থেকে মেয়েদের দেখেও কাছে গিয়ে প্রেম নিবেদন করতে পারেননি। তবে চিত্রনায়ক হওয়ার পর জায়েদ খানের দিন বদলে গেছে।

জায়েদ খান
ছবি: ফেসবুক

জায়েদ বলেন, ‘আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়।’

অভিনয়, ব্যক্তিগত জীবন ও শিল্পী সমিতি নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জায়েদ খান। তিনি বলেছেন, ‘এখন প্রতিনিয়ত মেয়েরা ফেসবুকে মন্তব্য করছেন। ফোন দিয়ে অনুরোধ করছেন ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। অনেক মেয়ে ইনবক্সে ছবি পাঠাচ্ছেন। এর কারণ আমার মধ্যে ভেজাল নেই। টাকা, সম্মান হলে মানুষ বদলে যায়, কিন্তু জায়েদ খান অতীত মনে রাখে। আমি ছোট থেকে বড় হয়েছি। এসব কথা মেয়েরা পছন্দ করেছেন।’

জায়েদ খান
ছবি: ফেসবুক

বি.দ্র: জায়েদ খানের সাক্ষাৎকারভিত্তিক খবরটির কিছু অংশ সংক্ষেপিত করে প্রকাশ করা হলো।