একজন শেখায় দেবে ওমর সানীর নামে এগুলো বলেন...

ওমর সানী
ছবি: ফেসবুক থেকে

আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পীদের এই নির্বাচন ঘিরে এফডিসিতে এখন আনাগোনা বাড়ছে। এর মধ্যে অনেক শিল্পীই নিজেদের ভাইরাল করার চেষ্টা করছেন। অভিনয় বা খুব একটা পরিচিতি না পেলেও নির্বাচনকে কাজে লাগিয়ে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা কতটা শিল্পীসুলভ, সেই প্রশ্ন তুলেছেন ঢালিউড নায়ক ওমর সানী।

ওমর সানী
ছবি: ফেসবুক থেকে

ওমর সানী ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে ভাইরাল হওয়ার জন্য যাঁরা কাজ করছেন (হাসি), তাঁরা কি আদৌ, কতটুকু শিল্পী, সেটা আমার প্রশ্ন। যাঁরা শিল্পী, তাঁরা কিন্তু আদৌ ভাইরাল হওয়ার চেষ্টা করছেন না।’

শুধু তা–ই নয়, নির্বাচন ঘিরে কথা বলা নিয়ে সবাইকে সতর্ক হওয়ার কথা বলেছেন ওমর সানী। তিনি মনে করেন, অনেকেই তাঁর কথাকে বিকৃত করে প্রচার করছেন, ‘কিছুদিন আগে আমাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি নাকি সবাইকে খারাপ বলেছি, সেটা না। এ নিয়ে নানা কথা ছড়ানো হচ্ছে। আসলে যাঁরা না জেনে কথা বলছেন, তাঁরা আগে দেখেন–শোনেন–বোঝেন, তারপরে কথা বলেন।’

ওমর সানী
প্রথম আলো

এ সময় ওমর সানী আরও বলেন, ‘শুধু আপনি শুনবেন না। শিল্পী সমিতির ডাইনে যাবেন, বামে যাবেন, একজন শেখায় দেবে ওমর সানীর নামে এগুলো বলেন, আর আপনি এই ধরনের কিছু বলা শুরু করবেন। এটা শিল্পীসুলভ আচরণ না। আপনাকে বুঝে কথা বলতে হবে। কারণ, আমি বলেছি দু–একজন শিল্পীসত্তাকে ধারণ করে না, তারাও শিল্পী সমিতির দায়িত্ব নিতে চায়। তাদের সম্পর্কে আমি কথা বলেছি। কিন্তু সবাইকে খারাপ কিছু বলিনি।’

আরও পড়ুন
নায়ক ওমর সানী
ছবি: ফেসবুক থেকে

এ সময় শিল্পীদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘আমার শিল্পী ভাইবোনদের উদ্দেশ করে বলছি, যাঁরা ডাইনে–বামে তাকিয়ে কথা বলছেন, তাঁরা এভাবে আর কথা বলবেন না। আমি সম্মান রেখেই সব সময় কথা বলি। সেই সম্মানটা নষ্ট করবেন না। আগামী ৩ তারিখের নির্বাচনে আমি সুন্দর করে ভোট দিতে চাই। আমাকে সেই সুযোগ করে দেবেন। আমি অনেক সাধারণ শিল্পী। আমরা শিল্পীরা কেউ অসাধারণের জায়গায় থাকি না। যাঁরা দায়িত্বে যাবেন, তাঁরা প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকবেন। যাঁরা কেবিনেটে আসবেন তাঁদের ধন্যবাদ।’