১০ বছর ‘পাখি’, এবার ‘চামেলি’
দুই দেশের মানুষের কাছে মধুমিতা সরকার ‘পাখি’ নামেই পরিচিত। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী এবার সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে নতুন স্বপ্ন নিয়ে আসছেন ঢালিউডে। প্রথম বাংলাদেশি সিনেমা ‘গুলশানের চামেলি’র মহরতে ঢাকায় এসে তিনি বললেন, ‘১০ থেকে ১২ বছর ধরে আপনারা আমাকে “পাখি” হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে “চামেলি” হিসেবে চিনুন ও ভালোবাসুন।’ মানুষের ভালোবাসায় আপ্লুত এই অভিনেত্রীর বিশ্বাস, নতুন এই যাত্রাও সবার মনে থাকবে।
গতকাল শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত ও সংবাদ সম্মেলন। প্রথম বাংলাদেশে আসা, মানুষের ভালোবাসা ও নতুন পথচলা নিয়ে কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হন মধুমিতা। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি একটা কথাই বলব—এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক আপ্লুত। এত পজিটিভিটি আর শুভশক্তি নিয়ে যখন যাত্রা শুরু করছি, এর চেয়ে ভালো আর কী হতে পারে! সবার এত আশীর্বাদ পাচ্ছি, সিনেমাটা ভালো হতে বাধ্য।’
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র মধুমিতা সরকারকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। সেই সময়টার কথা মনে করে জানালেন, এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে চান তিনি। মধুমিতা বলেন, ‘আপনারা ১০ থেকে ১২ বছর ধরে আমাকে “পাখি” হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে “চামেলি” হিসেবে চিনুন ও ভালোবাসুন। সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। সবার ভাগ্যে এমন ভালোবাসা জোটে না।’
বাংলাদেশে অনেক আগেই কাজ করার পরিকল্পনা ছিল বলেও জানান মধুমিতা সরকার। কিন্তু নানা কারণে এত দিন তা সম্ভব হয়নি। এবার সঠিক সময় ও পছন্দের একটি সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তাঁর মতে, ‘অনেক বছর ধরেই বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। এবার এই সিনেমার মাধ্যমে এলাম। এত দারুণ কাস্ট অ্যান্ড ক্রু পেয়েছি যে মনে হচ্ছে, যা হয় মঙ্গলের জন্যই হয়। আপনারা যে বিশ্বাস ও সম্মান নিয়ে আমাকে এনেছেন, আমি যেন কাজের মাধ্যমে তার মর্যাদা রাখতে পারি।’
‘গুলশানের চামেলি’ সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের। ছবিটিতে আরও অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা ও মিশা সওদাগর প্রমুখ। এই ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।