গত ১০ বছরে বাংলাদেশ থেকে অস্কারে যাওয়া সিনেমাগুলো কোথায় দেখবেন

প্রতিবছরই অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে একটি সিনেমা পাঠানো হয়। গত এক দশকে এই তালিকায় যুক্ত হয়েছে নানা ধরনের গল্প ও নির্মাণশৈলীর ১০টি সিনেমা। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসরে প্রশংসিত সিনেমা যেমন রয়েছে, তেমনি দর্শকপ্রিয় সিনেমাও রয়েছে। আন্তর্জাতিক উৎসবে আলোচিতসহ গত ১০ বছরে বিভিন্ন স্বাদের সিনেমা অস্কারে পাঠানো হয়েছে। ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের হয়ে অস্কারের প্রতিযোগিতায় অংশ নেওয়া সিনেমাগুলো কোথায় কীভাবে দেখবেন?

‘খাঁচা’ সিনেমার পোস্টার

১. ‘খাঁচা’—২০১৭
আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ বাংলাদেশের হয়ে ৯০তম অস্কারে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয় ২০১৭ সালে। সিনেমাটি পরিচালনা করেন আকরাম খান। এতে অভিনয় করেছিলেন জয়া আহসান, আজাদ আবুল কালাম। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

‘ডুব’ সিনেমার পোস্টার

২. ‘ডুব’—২০১৮
এটি ছিল ইরফান খানের বাংলাদেশে অভিনয় করা প্রথম সিনেমা। এই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এই সিনেমার নাম ‘ডুব’। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি বাংলাদেশ থেকে ৯১তম অস্কারের জন্য পাঠানো হয়। দর্শকেরা এই ইউটিউব ও অ্যামাজন প্রাইমে দেখতে পারবেন।

‘আলফা’ সিনেমার পোস্টার

৩. ‘আলফা’—২০১৯
নগরজীবনের প্রান্তিক মানুষের গল্প নিয়ে নির্মিত ‘আলফা’। এটি পরিচালনা করেন নাসির উদ্দীন ইউসুফ। ৯২তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সিনেমাটি ইউটিউবে দেখা যাবে।

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির পোস্টার

৪. ‘ইতি, তোমারই ঢাকা’—২০২০
তরুণ একঝাঁক নির্মাতা হঠাৎ করেই অ্যান্থলজি সিনেমা বানিয়ে আলোচনায় আসেন। গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর ও তানভীর আহসান—এই ১১ নির্মাতার ১১টি গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি সিনেমাটি ৯৩তম অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে। সিনেমাটি ইউটিউবে চ্যানেল আই মুভিজে দেখা যাবে।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পোস্টার

৫. ‘রেহানা মরিয়ম নূর’—২০২১
কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। এরপর ৯৪তম অস্কারের জন্য বাংলাদেশ থেকে সিনেমাটি পাঠানো হয়। সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

‘হাওয়া’ সিনেমার পোস্টার

৬. ‘হাওয়া’—২০২২
প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া ‘হাওয়া’ ৯৫তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজসহ অনেকে। ব্যবসাসফল এই সিনেমাটি পরিচালনা করেন মেজবাউর রহমান সুমন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির পোস্টার

৭. ‘পায়ের তলায় মাটি নাই’—২০২৩
সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ‘পায়ের তলায় মাটি নাই’ ৯৬তম অস্কারের জন্য বাংলাদেশের নির্বাচিত সিনেমা ছিল। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ রাব্বি মৃধা। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

‘বলী’ সিনেমাটির পোস্টার

৮. ‘বলী’—২০২৪
ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ (দ্য রেসলার) ৯৭তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে পাঠানো হয়। সিনেমাটি এর আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস পুরস্কার পেয়েছিল। এতে অভিনয় করেন নাসির উদ্দিন খান, প্রিয়াম অর্চিসহ অনেকে। সিনেমাটি এখনো ওটিটিতে মুক্তি পায়নি।

আরও পড়ুন
‘বাড়ির নাম শাহানা’র পোস্টার

৯. ‘বাড়ির নাম শাহানা’—২০২৫
লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। একটি বাড়ি ঘিরেই গল্প। সিনেমাটি গত বছর ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশের পাঠানোর জন্য নির্বাচিত হয়। এটি অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো প্রথম নারী নির্মাতার সিনেমা। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

১০. ‘রইদ’—২০২৬
এবার বসতে যাচ্ছে অস্কারের ৯৯তম আসর। এই আসরে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা ‘রইদ’ অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে। ‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এটি এখনো কোনো ওটিটি বা ইউটিউবে প্রকাশ পায়নি।

২০০২ সাল থেকে বাংলাদেশ অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা পাঠিয়ে আসছে। ২০২৬ সালের ‘রইদ’সহ এখন পর্যন্ত মোট ২২টি বাংলাদেশি সিনেমা এই প্রতিযোগিতায় পাঠানো হয়েছে; তবে এখনো বাংলাদেশ থেকে কোনো সিনেমা চূড়ান্ত মনোনয়ন পায়নি।

‘রইদ’ চলচ্চিত্রের একটি পোস্টার