জয়ার ফ্যাশন সিনেমা লন্ডনের উৎসবে
জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ যুক্তরাজ্যের ১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ নির্বাচিত হয়েছে। যৌথভাবে ছবিটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’।
ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতি ঘিরে তৈরি হয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য ফ্যাশন ফিল্ম। মূলত ফ্যাশন ও চলচ্চিত্রের নান্দনিকতার সঙ্গে গল্প বলার শিল্পকে মিলিয়ে নির্মিত হয় এ ধরনের ফ্যাশন ফিল্ম।
‘হিউজ অব লংগিং’ ছবিটির শুটিং হয়েছে গত বছর, জানালেন জয়া আহসান। দুই পরিচালকের নিজ শহর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি পুরোনো বাড়িতে পুরো ছবির শুটিং হয়েছে। ঔপনিবেশিক আমলের ওই বাড়ির দেয়াল, বারান্দা ও আলোছায়ার আবহে ফুটিয়ে তোলা হয়েছে অপেক্ষা ও বিরহের অনুভূতি।
বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে জয়া আহসান জানালেন, ‘ছবিটির পরিচালকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন এ রকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে পারি কি না? তখন আমরা এটি করি। আমার অভিজ্ঞতা অসাধারণ। ছবিতে আমার স্টাইল করেছেন আমার খুব প্রিয় একজন স্টাইলিস্ট ঋষভ।’
কথা প্রসঙ্গে জয়া বলেন, ‘ছবিটির গল্পের আবহ, পুরোনো বাড়ি আর নদীর পাড়—সবকিছু মিলিয়ে চরিত্রটিকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার চমৎকার সুযোগ হয়েছে। আন্তর্জাতিক একটি ফ্যাশন ফিল্ম উৎসবে ছবিটি নির্বাচিত হওয়া আমার জন্যও ভালো লাগার। উৎসবে আসা দর্শকেরাও হয়তো কাজটি উপভোগ করবেন।’
২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের সিনেমা কমপ্লেক্স ‘ভিউ ওয়েস্ট এন্ড’-এ হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। ১২ বছর ধরে ফ্যাশন ও চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছে এ উৎসব। জানা গেছে, শুটিং থাকায় নিজে উৎসবে যোগ দিতে পারছেন না জয়া আহসান।