বাবার সিনেমায় কত পারিশ্রমিক নিলেন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক থেকে

বাবার পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তবে এই ছবিতে কাজের পারিশ্রমিক প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, সিনেমাটি নিজের মনে করেছি। সেখানে পারিশ্রমিক নিয়ে খুব একটা ভাবিনি।

ভাবনা বলেন,‘এই প্রথম বাবার ডিরেকশনে কাজ করেছি। সিনেমাটিকে আমি নিজের মনে করেছি। এখানে পারিশ্রমিক নেওয়ার কী থাকতে পারে, বাবার মানে তো সবই আমার। নিজের কাজে কেউ পারিশ্রমিক নেয়। আমিও সিনেমায় কোনো পারিশ্রমিক নিইনি। গল্পটা আমার অনেক পছন্দের ছিল, এটাই আমার উপহার। সিনেমাতে কাজ করাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’

সিনেমার একটি লুকে ভাবনা। ছবি: শিল্পীর সৌজন্যে

ভাবনা জানালেন, পারিবারিক সম্পর্কের কারণে নয়; বরং বাবার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকে বিশেষভাবে দেখেছেন তিনি। বাবা পরিচালকের দায়িত্বে, আর মেয়ে অভিনয়শিল্পী, ‘যাপিত জীবন’-এর শুটিংয়ে তাঁদের এই নতুন অভিজ্ঞতাই ছিল আলাদা। তাঁর কথায়, এই অভিজ্ঞতার মূল্য পারিশ্রমিকের চেয়েও বেশি।

ভাবনা জানান, এই সিনেমা ইতিহাসে থেকে যাওয়ার মতো। কারণ, এর প্রেক্ষাপট ’৪৭ ও ’৫২ সাল ঘিরে। দেশ বিভাগ নিয়ে তাঁর প্রথম কোনো সিনেমা। তিনি বলেন,‘দেশভাগ, ভাষা আন্দোলন এসবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দায়িত্ব নিয়ে আমাকে অভিনয় করতে হয়েছে। ২০২৬ এসে বাবা খুব সাহসের কাজ করেছেন। আমি জীবনে এত কষ্ট খুব বেশি চরিত্রে জন্য করিনি। সেই সময়ের হাঁটাচলা, চোখের ভাষা, কথা বলা—সবই অনেক দিন ধরে রপ্ত করতে হয়েছে।’

আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম। সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে এই সিনেমা। সিনেমার জন্য মিছিল মিটিং করতে হয়েছে ভাবনাকে। তাঁকে দেখা যাবে আনজুম চরিত্রে। ভাবনা আরও বলেন, ‘আনজুম চরিত্রে আমাকে আন্দোলন করতে হয়েছে। আমি রাজনীতি করি, মিছিল করি। ছাত্র আন্দোলনের সঙ্গে আমার চরিত্র ঘনিষ্ঠভাবে জড়িত।’

আরও পড়ুন
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক থেকে

এদিকে পাঁচ বছর ধরে ভাবনাকে নাটকে তেমন দেখা যায় না। তিনি বেশির ভাগ সিনেমা নিয়ে ব্যস্ত। কিন্তু ভক্তরা প্রায়ই বলে থাকেন, ‘আপনাকে নাচ–গানের কোনো সিনেমায় দেখা যায়নি’ তাহলে ভাবনা কি বাণিজ্যিক সিনেমায় নাম লেখাবেন না। এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘এ অভিযোগ সত্য। এখন পর্যন্ত আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি কোনোটিতেই নাচতে দেখা যায়নি। তবে নাচতে হবে এমন কোনো সিনেমায় আমি অভিনয় করতে চাইনি, এটা ভুল। বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছি। সেই সিনেমায় আমি অনেক নেচেছি। আমি নিজেই আইটেম গানে অভিনয় করেছি। শিগগির আমাকে নাচতে দেখা যাবে।’