২১ কোটি টাকা বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন ঝন্টু
মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘোষণার দীর্ঘদিন পর অবশেষে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর।
বুধবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দিল নির্মাতা প্রতিষ্ঠান। পরিচালক হিসেবে থাকছেন আলোচিত দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। নৌ সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের গল্প নিয়ে নির্মিত ছবিটি প্রযোজনা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী, দুই পরিচালকসহ আরও অনেকে।
দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ‘একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে। তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক; আমি একা তৈরি করলে “অপারেশন জ্যাকপট” যে রকম হবে, দুজন মিলে করলে আরও ভালো হবে।’
প্রযোজক স্বপন চৌধুরী জানান, এই ছবিতে ৮০ জনের বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন, যাঁরা দর্শকের কাছে পরিচিত। এর মধ্যে মুখ্য চরিত্রগুলোয় চূড়ান্ত হয়েছেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা। এ ছাড়া থাকছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে।
আগামীকাল বিএফডিসিতেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। প্রথম লটের চিত্রায়ণ চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রুয়ারিতে। কাজ শেষে কবে নাগাদ মুক্তির পরিকল্পনা, সেটা অবশ্য এখনই জানাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।