তিন দিন বিনা মূল্যে দেখা যাবে ৬ সিনেমা

ছয় সিনেমার পোস্টার। কোলাজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ১১ আগস্ট পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে এ উৎসব।

আজ বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। আর রাত আটটায় দেখানো হবে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’।

দ্বিতীয় দিন আগামীকাল ১০ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। রাত আটটায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।

শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত আটটায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

চলচ্চিত্রের একাল–সেকাল
চলচ্চিত্র উৎসব ঘিরে গত শুক্রবার ছিল একটি বিশেষ সেমিনার। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনারকক্ষে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক আলোচনাটি সভাপতিত্ব করেন শিল্পকলার মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান এবং এস এম ইমরান হোসেন। সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।

‘রইদ’ চলচ্চিত্রের পোস্টার। নির্মাতার সৌজন্যে

সেমিনারে স্বাধীন নির্মাতাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। ক্রমাগত সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ার পটভূমিতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোকে নিয়মিতভাবে বিকল্প সিনেমা হল হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। শুধু চলচ্চিত্র উৎসবের সময় নয়, সারা বছর দেশের বিভিন্ন জেলায় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়। স্বাধীন ও নবীন নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে একটি কনটেন্ট ব্যাংক তৈরি, ঢাকার বাইরের প্রদর্শনীতে নির্মাতাদের যুক্ত করা এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ফিল্ম সোসাইটিগুলোকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খোলা মাঠ বা উন্মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শন, অনলাইন প্রচারণা বাড়ানো এবং আয়োজনের খরচ কমাতে প্রয়োজন অনুযায়ী ছোট কক্ষ বা উন্মুক্ত স্থান ব্যবহারের প্রস্তাবও দেন নির্মাতারা। নিয়মিত আয়োজনের ব্যয় মেটাতে ১০ থেকে ২০ টাকার টিকিট চালু এবং স্বাধীন নির্মাতাদের জন্য শিল্পকলার মিলনায়তন ন্যূনতম ভাড়ায় দেওয়ার দাবিও রাখা হয়েছে।

আরও পড়ুন

সেমিনারের আলোচক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, নতুন করে বিশেষায়িত প্রেক্ষাগৃহ তৈরির অপেক্ষা না করে জেলা শিল্পকলা একাডেমির বিদ্যমান মিলনায়তন ও যন্ত্রপাতি কাজে লাগিয়েই বিকল্প চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ শুরু করা সম্ভব।

১৭ জুলাই মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’
নির্মাতার সৌজন্যে

নাটকের মতো রেয়াত পাবেন স্বাধীন নির্মাতারা
দেশব্যাপী শিল্পকলা একাডেমিতে হল ও অডিটোরিয়ামগুলোয় রেয়াত পায় নাট্যদলগুলো। চলচ্চিত্র নির্মাতাদের জন্যও এমন উদ্যোগ শুরু করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। সেমিনারে সব প্রস্তাব ইতিবাচকভাবে নেওয়া হয়েছে বলে জানান শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। শিগগিরই এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গতকাল শনিবার সকালে দীপক কুমার গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘নির্মাতারা শিল্পকলা একাডেমির প্রতি কিছু দাবি তুলেছেন, যার প্রতিটি যৌক্তিক। আমার বিভাগ থেকে শিল্পকলা একাডেমির সবাই এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। তাঁরা আমাদের সারা দেশের অডিটোরিয়াম কিংবা হল রুম যা-ই বলি না কেন, চেয়েছেন। আমরা বলেছি সেগুলোতে সাউন্ড সিস্টেম আধুনিকায়ন, ভালো পর্দার ব্যবস্থা করা হবে। তবে তাঁরা এখন যে অবস্থায় আছেন, সে অবস্থাতেই শুরু করতে চেয়েছেন। সঙ্গে নাটকের দলগুলো যেভাবে রেয়াত পায়, ভাড়ার ক্ষেত্রে তাদের জন্যও কিছু করা যায় কি না, তার প্রস্তাব আমি পরিষদে রাখব। পাশাপাশি সম্প্রতি চলচ্চিত্র বিভাগ আলাদা করার প্রস্তাব সংসদে পাস হয়েছে, আমাদের মহাপরিচালকও বিষয়টি দ্রুত বাস্তবায়নে নির্দেশনা দিয়েছেন।’