৬ কোটি টাকার টিকিট বিক্রি

‘উৎসব’ সিনেমার পোস্টারছবি: ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার টিকিট বিক্রি করল তানিম নূরের ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।

সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে ‘উৎসব’। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়াতে এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৪তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

আরও পড়ুন

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।