বাঁধন ও ফারিয়া এক সিনেমায়, ‘লজ্জা’ সম্পর্কে যা জানা গেল
জন্মদিনে নতুন সিনেমার খবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।
গতকাল ৮ সেপ্টেম্বর ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। এদিন ৩১ বছরে পা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। আগের দিন সোমবার রাত ১২টার আগে দেওয়া এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘রাত ১২টা বাজলেই ৩১! কিউটনেস আর দুষ্টুমি আগের মতোই আছে, শুধু সাজগোজটা এখন একটু বেশি স্টাইলিশ।’
জন্মদিনের সন্ধ্যায় জানা গেল, নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে।
সিনেমার গল্প ও ফারিয়ার চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না নির্মাতা ও প্রযোজনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে আবদুল আজিজ জানিয়েছেন, ‘লজ্জা’ সমাজসচেতনতামূলক গল্পের সিনেমা। তিনি বলেন, ‘এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি। মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।’
নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজও শেষ পর্যায়ে। মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্মটির একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং শেষ হবে। ‘লাপাত্তা’ আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাবে।