নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি, অভিনয় কি তবে ছাড়ছেন...
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র একটি সিনেমা। কিন্তু সেই এক সিনেমা ‘দাগি’I দিয়েই দর্শক সমালোচকের নজর কাড়েন তমা মির্জা। আবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। আগস্টের শেষে শুরু করবেন ‘খলনায়ক’-এর শুটিং। মাস তিনেক ধরে জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন। তাঁর এই সময়ের গল্প জানাচ্ছেন মনজুর কাদের
‘দাগি’র পর একাধিক ছবিতে অভিনয়ের কথা হয়েছিল। এ নিয়ে একাধিক পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংও করেছেন। কয়েকটি ছবির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়েও পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত কোনোটি নিয়েই আনুষ্ঠানিকভাবে এগোননি এই ঢালিউড অভিনেত্রী তমা মির্জা।
অবশেষে নতুন একটি ছবিতে তাঁর অভিনয়ের খবর চাউর হয়েছে। একাধিক সূত্র থেকে জানা গেছে, ছবিটিতে অভিনয়ের বিষয়টি শতভাগ চূড়ান্ত। বেশ কিছুদিন আগেই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তমা। তবে এ বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে চাইছেন না তিনি। একইভাবে ছবিটির পরিচালক ভিকি জাহেদ ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান ও ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ছবিটির শুটিং শুরু হতে পারে। ভিকি জাহেদ পরিচালিত ছবিটির প্রাথমিক নাম ‘খলনায়ক’। তবে পরে নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তমা মির্জা গতকাল অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে শুধু বলেছেন, “‘একটা ছবি করছি। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে আগেও আমার কাজ হয়েছে, অভিজ্ঞতাও দারুণ। তাই আমার কাছে মনে হয়েছে, “দাগি”র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। বাদবাকি সব প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’”
ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ‘খলনায়ক’I মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে মুক্তির দিনক্ষণ সম্পর্কে তমা নিজে কিছু জানেন না। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে।’
নায়িকা এখন ব্যাংকার
অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন তমা মির্জা। প্রায় তিন মাস হয় দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি। নতুন এই পরিচয় ও কাজ বেশ উপভোগ করছেন তমা, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’
ব্যাংকার তমা কি তবে অভিনয়ে অনিয়মিত হয়ে যাবেন—এমন প্রশ্নে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশা আল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।’
অভিনয়ের বাইরে নতুন এই পেশাকে নিজের জন্য একটি নতুন অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। তাঁর মতে, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’
‘দুই বন্ধু’ নিয়ে আফসোস
২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের গায়ক-নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ নামে একটি ওয়েব সিরিজ করেন তমা মির্জা। কলকাতার কোনো নির্মাতার সঙ্গে সেটাই তমার প্রথম কাজ। শুরুতে তাই কিছুটা নার্ভাস ছিলেন। কিন্তু কাজ করতে গিয়ে সেই অস্বস্তি দ্রুত কেটে যায়। অঞ্জন দত্তের পরিচালনার ধরন ও ব্যক্তিত্বে মুগ্ধ হন তমা। কলকাতায় টানা ৯ দিন ধরে শুটিং হয়েছিল। তাঁর কাছে বিশেষভাবে ভালো লেগেছিল কাজের ধরন ও পেশাদার পরিবেশ। তমা বলেন, ‘এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।’
তবে শুটিং শেষ হওয়ার এত দিন পরও সিরিজটি মুক্তি পায়নি। মুক্তি বিষয়ে কোনো তথ্যও তাঁর জানা নেই। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তাঁর মধ্যে দেখা গেল কিছুটা অভিমান ও হতাশা। তমা বললেন, ‘এটা নিয়ে আর কথা বলতে চাই না। কী আছে এর ভাগ্যে, প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন। আমি আর এটা নিয়ে কিছুই ভাবছি না।’
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন, বদলেছেন অভিনয় ধরন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও সর্বশেষ ‘দাগি’তে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় সেই পরিবর্তনের প্রমাণ।