কয়েদি নম্বর ৭৮৬! ‘দাগি’র টিজারে ‘সুড়ঙ্গ’ জুটির চমক

‘দাগি’তে ফিরছে ‘সুড়ঙ্গ’ জুটি নিশো– তমাকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চমকে দিলেন আফরান নিশো। প্রায় দুই বছর পর নতুন লুকে হাজির হলেন। মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার টিজার। তাতে ‘দাগি’ লুকে দেখা দিয়েছেন এই অভিনেতা। নতুন লুকে দেখা দিলেন তমা মির্জাও। প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে টিজার। মঙ্গলবার ‘দাগি’র টিজার শেয়ার হয়েছে চরকি, আলফা আই, এসভিএফের অফিশিয়াল পেজ থেকে। এ ছাড়া সিনেমার অভিনয়শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডল থেকে। এর মধ্যে শুধু চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিজারটি দেখা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার, সাড়ে ৩ হাজার মন্তব্য এবং ১৪ হাজার রিয়্যাক্ট। এসভিএফের ফেসবুকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৪ হাজার আর আলফা আইর ফেসবুকে ১০ হাজার ভিউ হয়েছে।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’ এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি। সারাটা জীবন।’

আরও পড়ুন

এর আগে গত বছরের ডিসেম্বরে যখন ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়, তখন আফরান নিশো বলেছিলেন, ‘আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে “দাগি”র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’ মঙ্গলবার প্রকাশ হওয়া টিজার দেখে দর্শকদের ধারণা, নিশোর কথার সঙ্গে বাস্তবের মিল রয়েছে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

‘দাগি’ সিনেমার শুটিংয়ে আফরান নিশো
চরকির সৌজন্যে

শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা ‘দাগি’। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় বললেন, ‘দর্শকেরা টিজারটি পছন্দ করছেন। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক, চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যাঁরা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই এ সিনেমায় পাবেন।’ এটি মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক দেখেননি, বললেন নির্মাতা।
আগের দিন ১০ মার্চ সন্ধ্যা ৭টায় সিনেমার টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শক-ভক্তরা, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মন্তব্যে এমনটাই প্রমাণ দেয়।

চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, ‘“দাগি” শুধু একটা সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ!’
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন এবং তাঁদের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবেন, তখন আমাদের চেষ্টা সার্থক হবে।’

আরও পড়ুন
‘দাগি’ সিনেমার শুটিংয়ে আফরান নিশো
চরকির সৌজন্যে

অনেকে বলছেন, দর্শক-ভক্তরা ‘দাগি’র প্রচার আরও আগে থেকে প্রত্যাশা করেছিলেন। এ নিয়ে তাঁরা সরবও ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার, কথা তখনই হচ্ছে। আমাদের শুরু থেকে ঠিক করা কখন কোন প্রোমোশনটা যাবে। “দাগি” দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবার সবাই দেখবেন।’
আর সিনেমার অন্যতম প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির ভাষ্যে, ‘টিজারের মাধ্যমে দর্শকদের সামনে তাঁদের প্রিয় অভিনেতা আফরান নিশো হাজির হলেন। দর্শক-ভক্তরা তাঁর জন্য অপেক্ষা করছিলেন। টিজারে গল্পের কোনো ধারণা দেওয়া হয়নি। ধীরে ধীরে যখন আরও কিছু প্রকাশ পাবে, আমার বিশ্বাস, দর্শকেরা সিনেমাটি দেখতে উদ্‌গ্রীব হয়ে উঠবেন। আমি আগেও বলেছি, “দাগি”র গল্প অসাধারণ এবং সিনেমাটি একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে।’

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে, জানতে চাইলে আফরান নিশো বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। “দাগি” এমন এক গল্প, যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।’

আরও পড়ুন
‘দাগি’র আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল
চরকির সৌজন্যে

‘সুড়ঙ্গ’ সিনেমায় এর আগে নিশোর সঙ্গে জুটি হয়ে প্রশংসিত হয়েছিলেন তমা মির্জা। সময়ের আলোচিত এ অভিনেত্রীর ভাষ্যে, ‘আগে থেকেই বুঝতে পারছিলাম, “দাগি” নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই এবং আমার জুটির দ্বিতীয় সিনেমাও আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’  
বাংলাদেশের সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে ‘দাগি’ সিনেমার। ঈদের সিনেমার তালিকায় থাকা ‘দাগি’র আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার প্রমুখ।