নায়িকা বললেন, ‘বুক ধুকধুক করছে’
শৈশব থেকেই পরিবারে কঠোর নিয়মনীতির মধ্যেই তাঁর বেড়ে ওঠা। মা ও বাবা কেউ চাননি মেয়ে অভিনেত্রী হোক। সবাই চেয়েছিলেন পড়াশোনা করে পছন্দমতো কোনো প্রতিষ্ঠানে চাকরি করুক বা অন্য কিছু। একসময় কল্পনাও করেননি তাঁর অভিনয়ে আসা হবে, সেই নাজিরা মৌয়ের আগামীকাল প্রথম সিনেমার নায়িকা হয়ে ঢালিউডে অভিষেক ঘটছে।
২০০৬ সালে মডেল হিসেবে বিনোদন জগতে পা রাখেন মৌ। তিনি হেঁটেছেন র্যাম্পেও। ২০১৫ সালের শুরুর দিকে প্রথম নাটকে অভিনয় করেন। পরে প্রস্তাব পান চলচ্চিত্রের। কিন্তু সিনেমায় অভিনয় করার কথা পরিবারে বললে, তাঁর মা–বাবা প্রথমে না করেন।
পরবর্তী সময়ে এই অভিনেত্রী মা–বাবাকে সিনেমার চিত্রনাট্য পড়তে দেন। সেটা পড়ে মা–বাবা মৌকে উৎসাহ দেন। সেসব কথা স্মরণ করে মৌ বলেন, ‘পরিবারের সদস্যরা আমাকে খুব বেশি নাচ-গানের ছবিতে দেখতে চান না। এসব ছবিতে যুক্ত হওয়ার ব্যাপারে তাঁরা নিরুৎসাহিত করেন। নন্দিনী গল্পে সেই অর্থে বাণিজিক সিনেমার মতো খুব বেশি নাচ–গান নেই। গানের সঙ্গে যে নাচ রয়েছে, সেটা পরিবারসহ যে কেউ উপভোগ করতে পারবেন। এসব কারণ দেখিয়ে পরিবারকে রাজি করিয়েছি।’
নায়িকা হিসেবে ২০১৯ সালের শুরুতে তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই বছরের শেষের দিকে এটির শুটিং শুরু হয়। ২০২২ সালে সিনেমার সব কাজ শেষ হয়। কিন্তু এটি আর মুক্তি পায় না। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও নানা ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। মৌ বিয়ে করেন, পরে মা হন। এখন মেয়েকে নিয়েই যেতে চান নিজের প্রথম সিনেমা দেখতে।
মৌ বলেন, ‘এত দিন চিন্তায় ছিলাম কবে সিনেমাটি মুক্তি পাবে। তখন অনেক আগ্রহ ছিল। কিন্তু এখন ভয় লাগছে। কাল মুক্তি পাচ্ছে আমাদের সিনেমাটি। বুক ধুকধুক করছে। ভাবতেই কেমন যেন ভয় ভয় লাগছে। কারণ, এত দিনের প্রতীক্ষা। সেই সিনেমা দেখে দর্শক কী বলবেন, সেটাই ভাবছি। পরিবারের সবাইকে নিয়েই সিনেমাটি দেখতে চাই।’
মৌ জানান, হার না মানা এক তরুণীর সংগ্রাম নিয়েই এই সিনেমা। এই তরুণীকে তিনটি রূপে দেখা যাবে। নাম–ভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। সিনেমায় সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।
দুই বছর ধরে সিনেমাটি মুক্তির ঘোষণায় এলেও বারবার পিছিয়ে যায়। এর মধ্যে গত বছর জুলাইতে অফিশিয়াল পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। সেভাবেই এগিয়ে চলে প্রচার-প্রচারণা।
এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সিনেমাটির মুক্তি আবার পিছিয়ে যায়। অবশেষে আগামীকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে ২৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানালেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। সিনেমাটি পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হচ্ছে।