শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’, কোন সিনেমা কবে দেখা যাবে
ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আয়োজন করা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ বছর উৎসব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের উৎসবে নতুন-পুরোনো মিলিয়ে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। উদ্বোধনের দিন একটি, এর পর থেকে প্রতিদিন চারটি করে সিনেমা দেখানো হবে। সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা ও দিনের শেষ চলচ্চিত্র প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
৩ ফেব্রুয়ারি উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে আহমেদ হাসান পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। ১৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। দেশে ফেরার পর একধরনের রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে।
৪ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিনের প্রথম চলচ্চিত্র সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, এরপর পর্যায়ক্রমে দেখানো হবে আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদ–এর ‘চক্কর ৩০২’ ও রায়হান রাফীর ‘তাণ্ডব’।
উৎসবের তৃতীয় দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এরপর দেখানো হবে সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর। দিনের বাকি দুই চলচ্চিত্র হলো পিপলু খানের ‘জয়া আর শারমিন’ ও মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গণরুম আর ছাত্ররাজনীতির গল্পের এ ছবিটি এবারের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে।
চতুর্থ দিনের প্রথম চলচ্চিত্র হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, এরপর দেখানো হবে বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা তোজাম্মেল হক পরিচালিত ‘বেদের মেয়ে জোস্না’। দিনের বাকি দুই চলচ্চিত্র মিঠু খানের নীলচক্র ও কামার আহমাদের অন্যদিন।
৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে তপন সিনহার ‘হারমোনিয়াম’ সিনেমা দিয়ে প্রদর্শনী শুরু হবে। এরপর দেখানো হবে তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও সবশেষ দেখানো হবে গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি তানিম নূরের উৎসব’।
সমাপনী দিনে দেখানো হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমা দিয়ে শুরু হবে সমাপনী দিনের প্রদর্শনী। এরপর দেখানো হবে কাজী হায়াতের ধর। এদিন বেলা সাড়ে তিনটায় পর্যায়ক্রমে দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের জন্ম থেকে জ্বলছি ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।
এরপর দেখানো হবে উৎসবের সমাপনী চলচ্চিত্র। কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এবারের উৎসব।