ডনকে রিমান্ডে নেওয়া, অসুস্থতা, সবই ফানি মনে হচ্ছে, কেন বললেন সালমান শাহর মা

ডনের রিমান্ডে খুশি নন সালমান শাহর মা নীলা চৌধুরী
ছবি: কোলাজ

গতকাল বুধবার শেষ হয়েছে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনের রিমান্ড। এই রিমান্ড নিয়ে খুশি নন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানান, তাঁরা এই রিমান্ডে খুশি নন। ডনের এই রিমান্ড তাঁদের নতুন করে কোনো প্রত্যাশা পূরণ করতে পারছে না।

নীলা চৌধুরী বলেন, ‘রিমান্ডে নতুন কি কিছু হয়েছে? রিমান্ড শেষে বলা হলো জড়িত পাওয়ার কথা জানা গেছে। এটা কী ধরনের অনুসন্ধান? সে তো জড়িত ইমন (সালমান শাহ) হত্যার সঙ্গে। ডনের কাছ থেকে বের করতে হবে—কীভাবে সে ইমনকে হত্যা করেছে, কে কী স্বার্থে এই হত্যার সঙ্গে যুক্ত, সেই তথ্য। এদিকে আমার কাছে মনে হচ্ছে, রিমান্ড খুব দ্রুত শেষ করা হয়েছে। তা না হলে রিমান্ডে কি এত সহজে ছাড়ে?’

সালমান শাহ
ফাইল ছবি

সালমান শাহর মা জানান, ডন ৩০ বছর আগের খুনের আসামি। এ সময় তিনি আরও বলেন, ‘যার কাছে সব তথ্য রয়েছে, সেই আসামির সঙ্গে এটা কেমন রিমান্ড হলো, বুঝলাম না। শুরুতে সাত দিন রিমান্ডে নেওয়ার কথা ছিল। সেখান থেকে দুই দিন কমিয়ে পরে পাঁচ দিনের জন্য রিমান্ডে নিল। এখন চার দিন পর সে কারাগারে। ডনকে দেখে বোঝার উপায় নেই সে রিমান্ডফেরত, রিমান্ডফেরত কেউ ওভাবে হাঁটে না।’

এ সময় নীলা চৌধুরী আরও বলেন, ‘ডনকে যখন রিমান্ড শেষে বের করা হয়, সেই ছবি রিমান্ডের কোনো কথা বলছে না। ডনের যাওয়ার ভিডিওটা দেখেন, সে আরও উৎফুল্ল হয়ে রিমান্ড শেষে হেঁটে বের হচ্ছে। আবার প্রথম রিমান্ডের খবর পাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো, নেওয়ার সময় তাকে যেমন বিমর্ষ দেখা গিয়েছিল, রিমান্ড শেষ হওয়ার পর তাকে আরও ভালো দেখা গেছে। শুনছি সে নাকি অসুস্থ। এ কারণে রিমান্ড নাকি বন্ধও রেখেছিল। অসুস্থ হোক আর যা–ই হোক, রিমান্ডে কোনো মাফ নাই।’

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন
ছবি: প্রথম আলো

ডনের সঙ্গে রিমান্ডে কী হলো, বাদী হিসেবে সেটা জানার জন্য কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন নীলা চৌধুরী। তিনি জানান, এখনো কোনো কিছুই তাঁরা জানতে পারেননি। সালমান শাহর মা বলেন, ‘কথা হয়েছে। শুধু এটাই বলেছে, আমরা রিমান্ড করছি। কিন্তু কখন কী হচ্ছে, আমাদের তো জানা উচিত। এত বছর পর যদি এমন রিমান্ড হয়, সেটা আমাকে কখনোই সন্তুষ্ট করবে না। আমি এই রিমান্ডে সন্তুষ্ট নই। ডন খুনি, আমরা রিমান্ডের মাধ্যমে সব জানতে চাই, সে কী বলেছে। কর্মকর্তারা তদন্তের প্রয়োজনে চাইলে, সেখানে আমরা বাদী হিসেবে থাকব। আমার ভাইকে ডনের মুখোমুখি বসিয়ে দিক। আমিও ভার্চ্যুয়ালি যুক্ত থাকব। তাহলে তো আরও ভালো।’

‘৩০ বছর আগের এ ঘটনার সঙ্গে শুরু থেকে ডন-সামিরাসহ সব আসামি যুক্ত। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এই মামলায় এখনো ডন ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে পারল না। এটা বিশ্বাসযোগ্য কোনো কথা বলে আমার মনে হয় না। নাকি ইচ্ছা করে কার ক্ষমতাবলে ধরছেন, সেটাও আমাদের জানা দরকার। এতে প্রমাণিত হচ্ছে, আমাদের প্রশাসন দুর্বল অথবা ধাবিত হচ্ছে’, বলেন নীলা চৌধুরী

আরও পড়ুন
সালমান শাহ ও নীলা চৌধুরী
কোলাজ

এ সময় তিনি আরও জানান, তাঁর মতে, কেউ প্ররোচনা দিচ্ছে এই মামলাকে গুরুত্ব না দিতে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘মামলার ৪ নম্বর আসামি ডন ধরা পড়েছে। আমরা আশা করেছিলাম পরে আরও আসামি ধরা পড়বে। সেটাও হলো না। যাকে ধরা হয়েছে, তাকে রিমান্ডে শেষ হওয়ার আগেই অসুস্থ বলে ছেড়ে দিল। ডনকে রিমান্ডে নেওয়া, অসুস্থতা, গতকাল রিমান্ড শেষে উৎফুল্লভাবে হেঁটে যাওয়া—সবই ফানি মনে হচ্ছে। মানুষ একটি সত্যের বিচার চায়। আশা করছি, কর্তৃপক্ষ সেদিকে নজর দেবে।’

আদালতের পাঁচ দিনের রিমান্ড আদেশ অনুযায়ী, ডনকে ৬ সেপ্টেম্বর রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে গতকাল খল অভিনেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।