৫০ দিন পেরিয়ে ঈদের সিনেমা, কোন সিনেমা কয়টি হলে
মুক্তির হাফ সেঞ্চুরি পার করল ঈদের সিনেমা। ২৯ জুন ঈদুল আজহার দিন দেশজুড়ে মুক্তি পায় পাঁচটি সিনেমা—হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। শনিবার পর্যন্ত মাল্টিপ্লেক্সসহ দেশের সিঙ্গেল হলগুলোতে ৫২ দিন ধরে চলছে সিনেমাগুলো। তবে এ পর্যায়ে এসেও ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি দুটি মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল হলগুলোতে অনেকটা দাপট অব্যাহত রেখেছে।
স্টার সিনেপ্লেক্সে পাঁচ শাখায় আটটি শোসহ দেশের ৩৬টি হলে চলছে ‘প্রিয়তমা’। ছবিটির প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যবস্থাপক মঞ্জুর আলম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আজ ছবিটি মুক্তির ৫২ দিন পার হচ্ছে। এখনো মোটামুটি ভালো যাচ্ছে ছবিটি। বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবারে বেশি দর্শক হচ্ছে।’
এ দিকে অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের ছয় শাখায় ১০টি শোসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৬ প্রেক্ষাগৃহে চলছে ‘সুড়ঙ্গ’।
এর পরিবেশক প্রতিষ্ঠান দ্য কনটেন্ট স্পেশালিস্টের অন্যতম কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘“সুড়ঙ্গ” একটি সাকসেসফুল সিনেমা। একটি সিনেমা যখন দীর্ঘদিন ধরে সিনেমা হলে চলে, সিনেমাটি সফল। সে ক্ষেত্রে “সুড়ঙ্গ” সফল। ছবিটি দীর্ঘদিন ধরে সিনেমা হলে চলছে। বড় কথা, অষ্টম সপ্তাহে এসেও এই ছবির দর্শক–চাহিদা শেষ হয়নি। সিনেপ্লেক্সে ছুটির দিনগুলোতে এখনো হাউস ফুল হচ্ছে।’
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদুল আজহায় আমাদের এখানে চারটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে দুটি সিনেমার দর্শক–চাহিদা এখনো আছে। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও শোর সংখ্যা দেখে সেটি বোঝা যাচ্ছে। তা ছাড়া এর মধ্যে কয়েকটি নতুন ছবিও মুক্তি পেয়েছে। সেগুলোর চাইতেও ঈদের দুই ছবির দর্শক–চাহিদা বেশি। প্রতি দুই মাস অন্তর অন্তর এ ধরনের দুটি করে ভালো ছবি মুক্তি পেলেও বাংলা সিনেমা দাঁড়িয়ে যাবে।’
এ দিকে ঈদের অন্য তিনটি সিনেমার মধ্যে নাগরপুরের রাজিয়া, রংপুরের শাপলা, কুষ্টিয়ার স্বপ্নীলসহ চার হলে চলছে ‘প্রহেলিকা’।
চট্টগ্রামের সুগন্ধা, মুক্তারপুরের পান্না, মধুপুরের মাধবীসহ পাঁচটি হলে চলছে ‘ক্যাসিনো’। ঈদের ছবি ‘লাল শাড়ি’ চলছে তিনটি হলে—জিঞ্জিরার নিউ গুলশান, ভৈরবের মধুমিতা ও ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।