নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’–এ দেখা যাবে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জাকে। প্রথম আলোর পাঠকেরা এ খবর আগেই জেনে গেছেন। এবার সিনেমাটির খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠানটির নতুন সিনেমাটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। তিন তারকারা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুজন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুজন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ। সিনেমাটিতে কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। “খলনায়ক ”সেই অগ্রযাত্রারই একটি বড় মাইলফলক।’
সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘ভিকি জাহেদের নির্মাণশৈলী, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। চিত্রনাট্য শোনার পরই মনে হয়েছে এটি দারুণ সম্ভাবনাময় একটি কাজ। দেশের একাধিক শক্তিশালী অভিনেতার সঙ্গে অভিনয় করাটা সব সময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শকপ্রিয়তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। “খলনায়ক”-এর মাধ্যমে আমরা সিনেমাপ্রেমীদের বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপহার দিতে চাই।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিকি জাহেদের কাজে সব সময় নতুনত্ব ও ভিন্ন খাঁজ থাকে। “খলনায়ক” সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে চ্যালেঞ্জ করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সব সময় উপভোগ্য।’
সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও এইচ টু এইচ স্টুডিওস। তবে এটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।