অপু না বুবলী—শাকিবের জন্মদিনে কে এগিয়ে
শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত জীবনের অধ্যায় বদলালেও, বিশেষ দিনগুলোতে দুজনের উপস্থিতি যেন নতুন করে সেই সম্পর্কের রেশ মনে করিয়ে দেয়। বিশেষ করে জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ এলে—কে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেটিও হয়ে ওঠে ভক্তদের আগ্রহের বিষয়।
আজ ২৮ মার্চ, শাকিব খানের জন্মদিন। দিনটি ঘিরে সামাজিকমাধ্যমে ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন তাঁর দুই সন্তানের মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রশ্ন—কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে?
খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৌড়ে এগিয়ে ছিলেন অপু বিশ্বাসই। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও কোনো আনুষ্ঠানিক পোস্ট দেননি, তবু স্টোরির ভিজ্যুয়ালে ছিল আবেগের ছোঁয়া। সেখানে দেখা যায়, শাকিব খানের হাত ধরে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হ্যাপি বার্থডে’ গান। কোনো কিছু না বলেও, সেই মুহূর্তে যেন অনেক কথাই বলে দিয়েছেন তিনি।
অপুর স্টোরি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কবে, কীভাবে শুভেচ্ছা জানাবেন? কারণ, অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়। অবশেষে অপেক্ষার অবসান ঘটে বিকেলের দিকে। শবনম বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পোস্টে দেখা যায়, তাঁদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক, পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে থাকাকালীন বাবা-ছেলের একান্ত সময়ের।
ক্যাপশনে বুবলী ভালোবাসার ইমোজি দিয়েছে লিখেছেন, ‘শুভ জন্মদিন’। তবে পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। মাত্র এক ঘণ্টায় প্রায় ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ৮ শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই মন্তব্যে প্রশ্ন তোলেন বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে। সাবা রহমান নামে একজন লিখেছেন, ‘তাই বলে, এ-তো দেরি করে কেনো আপা’। আফরোজা লিখেছেন, ‘আপনার সমস্যা কি?’
সবকিছু মিলিয়ে সময়ের হিসেবে স্পষ্ট—অপু বিশ্বাসই প্রথম শুভেচ্ছা জানিয়েছেন, আর কিছুটা সময় নিয়ে নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।
এদিকে জন্মদিনের দিনটিও শাকিব খানের জন্য কাটছে ব্যস্ততায়। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় আছেন, যেখানে আগামী ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং চলছে।
একই দিনে ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক, শরীরে ট্যাটু—সব মিলিয়ে এক ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন শাকিব খান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের দুই নায়িকা—একজন সাবিলা নূর অন্যজন তানজিয়া জামান মিথিলা।