সিনেপ্লেক্সে বাড়ল ‘রাক্ষস’র শো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে আগ্রহ। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন রূপে দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।
ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০–এর অধিক হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার বলেন, ক্রমেই রাক্ষস ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনই সিনেমাটির শো বাড়ছে। গত তিন দিনে সিনেমাটি থেকে দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে দারুণ কিছু বয়ে আনবে ‘রাক্ষস’।
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।