ছয় দিনে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছে ১৫ জন দর্শক

‘ভালোবাসি হয়নি বলা’ সিনেমার পোস্টার

শুক্রবার দেশের ১০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভালোবাসি হয়নি বলা’। সিনেমাটি আটটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি বগুড়া ও কুমিল্লার দুটি সিনেপ্লেক্সে মুক্তি পায়। তবে গত ছয় দিনে সিনেপ্লেক্সে ছবিটির আয় চার হাজার টাকা পেরোতে পারেনি।

‘ভালোবাসি হয়নি বলা’ সিনেমার পোস্টার

আবুল কাশেম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত জুটি শেখ রিফাত ও তানিশা। শুক্রবার মুক্তির প্রথম দিনে কুমিল্লার কে স্ক্রিন সিনেপ্লেক্সে বিকেল পাঁচটা ও রাত আটটায় দুটি শো পায় ছবিটি। প্রথম শোতে বিক্রি হয় ৯টি টিকিট। সব মিলিয়ে যার বিক্রি আড়াই হাজার টাকার একটু বেশি। এদিন দ্বিতীয় শো থেকে এখন পর্যন্ত কোনো শোতে একটি টিকিটও বিক্রি হয়নি।

আরও পড়ুন

মধুবন সিনেপ্লেক্সেও একই অবস্থা। প্রথম শোতে ছয়টি টিকিটের বিপরীতে বিক্রি হয় এক হাজারের মতো টাকা। এরপর আর কোনো শো চলেনি। মধুবনের মালিক আর এম ইউনুস রুবেল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কোনো মানুষ নেই। পোস্টার টানিয়ে বসে আছি। এক-দুজন মানুষ এলে তো শো চালানো যায় না। এভাবে কি বাঁচতে পারব আমরা?’

ঢাকাই চলচ্চিত্রের ব্যবসা ঈদকেন্দ্রিক। ঈদ এলেই মুক্তি পায় বড় তারকাদের সিনেমা। কিন্তু গত কয়েক বছরে ঈদেও সিঙ্গেল স্ক্রিনের ব্যবসা ভালো যায়নি। পাইরেসি ইস্যুর কারণে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেয়েছে শুধু সিনেপ্লেক্সে। তবে ঢাকার তুলনায় বাইরের সিনেপ্লেক্সগুলোও গত কয়েক বছরে টিকে থাকতে পারছে না।