‘আমি সবার নায়িকা হতে চাই’
একসময় ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন আশনা হাবীব ভাবনা। ছয় বছর আগে সিদ্ধান্ত নেন, আর নাটকে অভিনয় করবেন না। সে অঙ্গীকারে তিনি অনড় আছেন। সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সিনেমার গানের শুটিং শেষ করে পরশু কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন ভাবনা।
কোন সিনেমার শুটিং করলেন জানতে চাইলে ভাবনা বলেন, ‘মাত্র আমাদের গানের শুটিং শেষ হয়েছে। পুরো শুটিং বাকি। শিগগির শুরু হবে। এবার নাচ–গানে ভরপুর ভাবনাকে দেখবেন দর্শক।’ তবে প্রযোজনা প্রতিষ্ঠানের বারণ থাকায় সিনেমাটি নিয়ে খুব বেশি তথ্য দিতে চাননি এই অভিনেত্রী।
ভাবনা জানান, মুক্তির তালিকায় আছে পাঁচটি সিনেমা। সবার আগে মুক্তি পাবে ‘যাপিত জীবন’। শিগগিরই ঢাকা ১২০৫ সিনেমার ডাবিং শুরু করবেন। আগে এ সিনেমার নাম ছিল চারুলতা। পায়েল সিনেমার কাজ নিয়েও রয়েছে ব্যস্ততা। ভাবনা গত সোমবার প্রথম আলোকে বলেন,‘আমি সবার নায়িকা হয়ে উঠতে চাই। শুধু আর্টিস্টিক ঘরানার সিনেমাতেই অভিনয় করতে চাই না। পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করছি। আমি ভবিষতের জন্য তৈরি হচ্ছি। সাত বছর ধরে আমি স্ট্রাগল করেছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ সংগ্রাম করে যাব। কারণ, আমি চাই সবাই আমাকে নায়িকা হিসেবে চিনবে।’
এই অভিনেত্রী জানান, শুধু সিনেমায় সময় দেওয়ার কারণে তিনি আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন, ‘নাটক মানে প্রতিদিন শুটিং শেষ করেই পারিশ্রমিক পাওয়া। কিন্তু সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টার কারণে আগের মতো প্রতিদিন পারিশ্রমিক পাচ্ছি না। এখন সিনেমায় তো নিয়মিত কারও কাজ নেই। তবে নিজের পছন্দের জায়গাটা নিয়ে থাকতে পারছি। সিনেমার পাশাপাশি আঁকা, লেখালেখি নিয়েই থাকতে চাই।’
শৈশব থেকেই ভাবনার সিনেমায় কাজ করার ইচ্ছা, ‘যখন নাটক শুরু করি, প্রধান চরিত্রে অভিনয় করি, তখনো চাইতাম সিনেমা করব। সিনেমার প্রতি সব সময় আলাদা ঝোঁক ছিল। অনেকের কারণে সিদ্ধান্ত নিতে পারিনি। বড় হওয়ার পরে মনে হলো, নিজের যা ভালো লাগে, সেটাই করব। এখন সিনেমা নিয়েই দেশ–বিদেশে ঘুরতে চাই।’
এ বছরের শুরুর দিকেই কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমা নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেন ভাবনা। শিগগির যাপিত জীবন নিয়ে যাবেন কানাডার একটি চলচ্চিত্র উৎসবে।