‘সোনার কলস’ হাতে পেয়েই কান্না লুকালেন অপু, নেপথ্যের ঘটনা জানালেন নায়িকা নিজে
শিল্পীজীবনে অনেক পুরস্কার, সম্মাননা ও দর্শকের ভালোবাসা পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে গতকাল মঙ্গলবার পাওয়া একটি বিশেষ সম্মান তাঁকে রীতিমতো বিস্মিত ও আবেগাপ্লুত করেছে। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘সোনার কলস’ উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টের শুরুতেই অপু বিশ্বাস লেখেন, শিল্পী মানেই ভালোবাসা ও সম্মানের কাঙাল। জীবনে কখনো অর্থবিত্তকে বড় করে দেখেননি; বরং মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে মনে করেছেন। দেশের মানুষ থেকে শুরু করে দেশের বাইরে থাকা বাংলাভাষী দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদেই তাঁর আজকের অবস্থান বলে উল্লেখ করেন তিনি। তবে ভালোবাসার স্মারক হিসেবে একদিন সোনার কলস উপহার পাবেন, এমনটা কখনো কল্পনাও করেননি।
অপু বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, গতকাল বিকেলে জিমে থাকা অবস্থায় সাংবাদিক আবদুর রহমানের ফোন পান। তাঁকে দ্রুত চ্যানেল আই কার্যালয়ে যেতে বলা হয়। কী কারণে ডাকা হয়েছে, সে বিষয়ে কিছুই জানতেন না তিনি। পরে বাসায় ফিরে দ্রুত প্রস্তুতি নিয়ে বসুন্ধরার বাসা থেকে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি যেন ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হন।
অপু বিশ্বাসের মতে, যে চ্যানেল আইয়ে তিনি বহুবার গিয়েছেন, সেদিন সেটিকে তাঁর কাছে নতুন মনে হচ্ছিল। চারপাশের আয়োজন, পরিবেশ ও উপস্থিত সবার মুখের হাসি দেখে মনে হচ্ছিল, বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষা চলছে। এরপরই আসে সেই চমক। অভিনেত্রী দেখেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে একটি ‘সোনার কলস’। কিছুক্ষণ পর জানতে পারেন, সেটি তাঁর জন্যই উপহার হিসেবে রাখা হয়েছে।
সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান এবং সাগর ভাইয়ের মতো এত বড় একজন সম্মানিত মানুষের হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! ওই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছিলাম। অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।’
ফেসবুক পোস্টে চ্যানেল আই ও ফরিদুর রেজা সাগরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু। তিনি লিখেছেন, চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই তাঁদের কাছে অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় ও পেশাগত পথচলায় তিনি সব সময় সাগরের সহযোগিতা, স্নেহ ও পরামর্শ পেয়েছেন। কিন্তু সেই মানুষ তাঁকে এভাবে সম্মানিত করবেন, তা কখনো ভাবেননি।
অপু বিশ্বাসের মতে, প্রতীকী হলেও সোনার কলসটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতির প্রতীক। পোস্টের শেষে অপু লিখেছেন, ‘এ জীবনে অনেক পুরস্কার ও সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’