ঢাকাই ছবির জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। কালোবাজারি থেকে শুরু করে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, খারাপ রাজনীতিবিদ—সিনেমায় এমন কোনো খল চরিত্র নেই যে মিশা সওদাগর করেননি। কিন্তু এবার আর অপরাধ জগৎ নয়, কৃষিকাজ করতে দেখা যাবে মিশাকে। নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় তাঁকে কৃষক বেশে দেখা যাবে। মিশা সওদাগর জানিয়েছেন আপাতদৃষ্টে কৃষক হলেও তাঁর অভিনীত চরিত্রটির মধ্যে একটা ‘অন্য রকম’ ব্যাপার আছে। আগামী ৩ অক্টোবর থেকে যশোরের একটি গ্রামে ছবিটির শুটিং শুরু হবে।
কৃষকের চরিত্রে এবারই প্রথম কাজ করবেন মিশা সওদাগর। বাস্তবে জীবনে শহরে বড় হওয়া মিশা সওদাগরের কাছে এই চরিত্র হবে নতুন অভিজ্ঞতা। ঢালিউডের এই অভিনেতা চরিত্রটির প্রস্তুতি নিয়ে বলেন, ‘এ জন্য বেশ কয়েক দিন রিহার্সাল করছি। এরই মধ্যে সত্যিকারের কৃষকের কাজ দেখার জন্য দুই দিন সাভারের একটি গ্রামে গিয়েছি। কৃষকের বেশভূষা দেখে এসেছি। একজন কৃষক কীভাবে লুঙ্গি পরেন, মাথায় গামছা বাঁধেন, গরুকে কীভাবে ঘাস খাওয়ানো হয়, খইল দেওয়া হয়, লাঙল ধরতে হয়—এসব সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা নিয়ে এসেছি।’
হঠাৎ করেই এ ধরনের চরিত্রে নিজেকে দেখতে চাইলেন কেন? মিশা সওদাগর বলেন, ‘সারা জীবন খলনায়ক হিসেবে শহরকেন্দ্রিক অনেকটা একই ধরনের চরিত্র করেছি। অনেক সময় গড়িয়েছে, এখন চরিত্রের ভিন্নতা আনতে হবে। চরিত্রের ডালপালা ছড়াতে হবে। সময় এসেছে চরিত্রাভিনেতা হয়ে কাজ করার। দিন শেষে যে চরিত্রগুলো দর্শক আরও বেশি মনে রাখবেন। সেই ভাবনা থেকেই আস্তে আস্তে নানা ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাচ্ছি।’
চরিত্রটির মধ্যে একটা ‘অন্য রকম’ একটা ব্যাপার আছে জানালেও সেটা কী এখনই ফাঁস করতে নারাজ মিশা সওদাগর, ‘এখনই চরিত্রের গুমর ফাঁস না করি।’
মিশা সওদাগর আরও জানান, আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই ছবির শুটিং শেষ করে ১৫ অক্টোবর থেকে ছটকু আহমেদের ‘আহারে জীবন’ ছবির শুটিং করবেন। নভেম্বর মাসে ‘বিট্রে’ নামের আরেকটি ছবির শেষ ধাপের কাজ শেষ করবেন। এরপর ডিসেম্বর শুরু করবেন নতুন ছবি ‘কিল হিম’-এর শুটিং। এ ছাড়া আগামী বছরের জানুয়ারিতে শুরু করবেন ‘নাইন এমএম’-এর কাজ।