বসন্ত, ভালোবাসায় তারকারা
গতকাল বসন্তের রং আর ভালোবাসা দিবসের আবহে রঙিন হয়ে উঠেছিল তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ এই দিনে নানা সাজে ছবি প্রকাশ করছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও শোবিজ তারকারা।
গত বছর ভালোবাসা দিবসে বিয়ে করেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত তাঁরা। তবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই এই দম্পতি। মেহজাবীন লিখেছেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়েছি। ১৪ বছর পর, বিয়ের ১ বছর; তবু প্রতিটি জন্মে তোমাকেই বেছে নেব, আদনান।’ প্রিয় মানুষের সেই পোস্ট ভাগাভাগি করে আদনান লিখেছেন, ‘তুমি আমার শক্তি, আমার চিরসঙ্গী। তোমাকে শুভ বিবাহবার্ষিকী। তোমার সঙ্গে সময়টা যেন সুন্দর এক স্বপ্নের মতো কেটে যাচ্ছে।’
পিছিয়ে নাই তাঁরা
ভালোবাসার দিনে শাকিব খান ও সন্তান আব্রাম খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘তুমি আমার ভ্যালেন্টাইন—ভালোবাসার জন্য যার কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তোমাকে চিরকাল ভালোবাসি।’ তবে আগের শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করার প্রতিযোগিতায় নেই বুবলী। তিনি একাই ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ভক্তের মন্তব্য, ‘বসন্তের রং যেন ফুটে উঠেছে বুবলী আপুর গায়ে। অসাধারণ লাগছে।’ বুবলী লিখেছেন, ‘বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।’
এদিকে সিয়াম আহমেদ ফিরলেন প্রেমের দিনগুলোতে। প্রায় ১৪ বছর আগে তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয়। তারপর বিয়ে। সিয়াম লিখেছেন, ‘তুমি আমার চিরদিনের ভ্যালেন্টাইন। ১৪ বছর পার, ভালোবাসা এখনো চলছে।’ অভিনেতা তৌসিফ মাহবুব স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ভিন্ন কথা জানান দিলেন। লিখেছেন, ‘আমার কাছে প্রতিদিনই ভালোবাসা।’
ছবিতে ভালোবাসা
খুব বেশি কথা নয়। অল্প কথায় এসব তারকা ভালোবাসা জানিয়েছেন ভক্তদের। তবে ছবিতে ছিল ভালোবাসার গল্প। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম স্বামী সনি পোদ্দারের সঙ্গে একাধিক রোমান্টিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’ নজরুলগীতি ‘বুকে তোমায় রাখতে প্রিয়/ চোখে আমার বারি ঝরে/ চোখে যদি রাখতে চাই/ বুকে উঠে ব্যথা ভ’রে’ গানের এই লাইনের সঙ্গে নীল শাড়িতে এক ডজন ছবি পোস্ট করেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। এদিকে বাসন্তী রঙের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী শারমীন জোহা শশী। দুই হালি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের প্রতিটি ধাপেরই নিজস্ব এক সৌন্দর্য আছে।’ কদিন আগেই নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন জাকিয়া বারী মম। দেশে ফিরেই ব্যস্ততা। এর ফাঁকে খোশমেজাজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কত বসন্ত পেরিয়ে।’
ব্যাচেলর তারকাদের উচ্ছ্বাস
ভালোবাসার দিনটিতে পিছিয়ে ছিলেন না ব্যাচেলর তারকারা। তাঁরা ভালোবাসার মানুষকে সামনে না আনলেও নিজেদের ভিন্নভাবে সামনে এনেছেন। নানা সাজে আর উপহারে ছবি পোস্ট করেছেন। এবারের বসন্তও একাই কাটিয়ে দিলেন সাফা কবির। ফেসবুকে ছবি পোস্ট করে অতীতে ফিরলেন। মায়ের শাড়িতে দিনটি কাটিয়েছেন। সাফা লিখেছেন, ‘এবার বসন্তে আমি আম্মুর শাড়ি পরেছি।’ আরেক অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর হাতে ফুলের তোড়া ও পুতুল। ভক্তরা প্রশ্ন করেছেন, কে উপহার দিয়েছেন? সেসব প্রশ্নের উত্তর দেননি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বাঁচতে হলে ভালোবাসতে হবে।’ তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মানের ভালোবাসার মানুষ নিয়ে গুঞ্জন থাকলেও তাঁকে একাই দেখা গেলে হলুদ পোশাকে। ছবি পোস্ট করেছেন। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে বসন্তের শুভেচ্ছা।’ এদিকে অভিনেতা খায়রুল বাসার রোমান্টিক ছবি পোস্ট করেছেন। সঙ্গে আরেক অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি লিখেছেন, ‘ভুল করেও ভালোবাসা হয়।’
নানাভাবে উদ্যাপন
দেশে এখন বইছে পরিবর্তনের ছোঁয়া। তারকাদের প্রত্যাশা, নতুন করে সবকিছু শুরু হোক। বদলে যাক দেশ। সেই পরিবর্তনকেই মাসুমা রহমান নাবিলা মিলিয়েছেন নতুন বসন্তের শুরুতে। তিনি লিখেছেন, ‘বাসন্তী আবেগে নতুন শুরুটা হোক শুভ।’ সারা দিন স্বতঃস্ফূর্তভাবে তারকাদের নানা আয়োজনে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী মুমতাহিনা টয়াকে দেখা গেল ‘এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলে যায়’ গানের সঙ্গে নাচতে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শীতের শেষ রোদেলা দুপুর আর বসন্তের অপেক্ষা।’