তৃতীয় সপ্তাহেও দর্শকের ভিড়, সন্ধ্যার পর শো বন্ধ নিয়ে দুশ্চিন্তা

ঈদে মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’কোলাজ

মুক্তির তৃতীয় সপ্তাহেও ঈদের ছবি ঘিরে দর্শকের আগ্রহ সেভাবে কমেনি। ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের চাহিদা এখনো চোখে পড়ার মতো। তবে সন্ধ্যার পর প্রেক্ষাগৃহের প্রদর্শনী বন্ধের আশঙ্কা নতুন দুশ্চিন্তা তৈরি করেছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে মোশাররফ করিম ও শরীফুল রাজ
ছবি: ভিডিও থেকে

ঢাকার স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাস—এই তিন মাল্টিপ্লেক্সে পাঁচটি সিনেমাই চলছে, যদিও প্রদর্শনীর সংখ্যায় হেরফের হয়েছে। তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি ৩৩টি শো পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। এরপর ‘দম’ ২৬টি, ‘রাক্ষস’ ১৩টি, ‘প্রেশার কুকার’ ৯টি এবং ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ৭টি শো পাচ্ছে। লায়ন সিনেমাসে ‘রাক্ষস’ ৪টি, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ ৩টি করে, ‘প্রিন্স’ ২টি এবং ‘প্রেশার কুকার’ ১টি প্রদর্শনী চলছে। ব্লকবাস্টার সিনেমাসেও প্রায় একই চিত্র—‘বনলতা এক্সপ্রেস’ ৫টি, ‘দম’ ও ‘রাক্ষস’ ৩টি করে এবং ‘প্রিন্স’ ও ‘প্রেশার কুকার’ ১টি করে শো পাচ্ছে।

‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যে

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানাচ্ছে, তৃতীয় সপ্তাহেও দর্শক উপস্থিতি সন্তোষজনক। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘পাঁচটি ছবিই আমাদের এখানে চলছে। ছুটির দিন শুক্রবারেও সব ছবি হাউসফুল ছিল। শনিবারে দর্শক সাধারণত সপ্তাহের অন্যদিনের চেয়ে বেশি থাকে, তা–ই ছিল। এমনকি রোববারের সব সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।’

‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার পোস্টার

তবে মাল্টিপ্লেক্সের এই ভিড়ের বিপরীতে সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহের চিত্রটা কিছুটা ভিন্ন। প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন জানান, ‘প্রিন্স’ সারা দেশে দুই সপ্তাহ চলেছে। তৃতীয় সপ্তাহে এসে ‘রাক্ষস’ চলছে। সামনের সপ্তাহ থেকে ‘দম’ আর ‘বনলতা এক্সপ্রেস’ও চলবে। সারা দেশে তৃতীয় সপ্তাহে সিনেমাগুলো মোটামুটি ভালো চললেও হলসংখ্যা ও দর্শক উপস্থিতিতে ওঠানামা দেখা যাচ্ছে। ১৩৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ তৃতীয় সপ্তাহে এসে কমতে শুরু করেছে, বর্তমানে শ খানেক হলে চলছে। অন্যদিকে ‘রাক্ষস’ তৃতীয় সপ্তাহে এসে ১৮টি সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিয়েছে।

‘রাক্ষস’–এর পোস্টারে সুস্মিতা ও সিয়াম। ছবি: ফেসবুক থেকে

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, প্রথম দুই সপ্তাহ ‘প্রিন্স’ চালানোর পর এখন ‘রাক্ষস’ প্রদর্শন করছেন। তবে দর্শক উপস্থিতি দ্রুত কমে যাচ্ছে। ‘প্রথম দিনে ৬০ ভাগ দর্শক ছিল, কিন্তু শনিবারে এসে ব্যবসা পড়ে গেছে। আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো ছবি তুলব,’ বলেন তিনি।

‘প্রেশার কুকার’ ছবির পোস্টার
ছবি : ফেসবুক থেকে

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রদর্শনী সময়সূচি নিয়ে অনিশ্চয়তা। সরকার নির্ধারিত সময়ে বিপণিবিতান বন্ধের নির্দেশনার কারণে ব্লকবাস্টার সিনেমাস রোববার থেকে সন্ধ্যার পরের (পিক টাইম) শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ব্লকবাস্টার সিনেমাসের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘সাধারণত অফিস শেষে পরিবার নিয়ে দর্শকেরা সন্ধ্যার পর সিনেমা দেখতে আসেন—ওটাই আমাদের পিক টাইম। কিন্তু এখন যদি এই সময়ের শো বন্ধ রাখতে হয়, তাহলে দর্শক তো হারাবই, ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হব।’ তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সামনে প্রদর্শনীর সূচি নতুন করে ভাবতে হতে পারে।

যদিও স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস এখনো এমন কোনো নির্দেশনা পায়নি, তবে তারাও শঙ্কিত। তাদের মতে, সন্ধ্যার পরের শোগুলোই সাধারণত সবচেয়ে বেশি দর্শক টানে—সেই সময় বন্ধ থাকলে সামগ্রিক ব্যবসায় বড় প্রভাব পড়বে।