শেষ হলো শিল্পী সমিতির নির্বাচন, ভোট পড়ল কত শতাংশ

ভোট দিতে এসেছিলেন অনন্ত জলিল। ছবি : নাজমুল হক

আজ শুক্রবার আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা জুমার নামাজের বিরতি শেষে ভোট গ্রহণ চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট কাস্ট হয়েছে প্রায় প্রায় ৮৪ শতাংশ। ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন।

অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম
ছবি : নাজমুল হক

সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়েছে। জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা আবুল হায়াত, চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, উজ্জ্বল, অভিনেত্রী আনোয়ারা, সুজাতা, ডলি জহুর প্রমুখ। তবে ভোট দিতে দেখা যায়নি ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’ খ্যাত অভিনেত্রী তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পাকে। এ নির্বাচনে দেখা যায়নি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অনেক তারকাকেই। শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, ইমন, নিরব থেকে অপু বিশ্বাস, পরীমনি, বুবলীদের ভোট দিতে দেখা যায়নি। প্রথমে সভাপতি পদে প্রার্থী হওয়া বাপ্পারাজকেও ভোট দিতে দেখা যায়নি। চিত্রনায়কদের মধ্যে ভোট দিতে দেখা গেছে অনন্ত জলিল, বাপ্পী চৌধুরী, ইয়াশ রোশানকে।

ভোট দিতে আসেন আলমগীর
ছবি : প্রথম আলো

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটির সভাপতি প্রার্থী ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান, সাধারণ সম্পাদক চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য পরিষদের সভাপতি অভিনেতা শিবা সানু ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী।

এফডিসিতে অভিনেতা ও নির্দেশক আবুল হায়াত
ছবি : খালেদ সরকার

আরমান-মুক্তি প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। আর শিবা-জয় প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডি এ তায়েব। গত মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই প্রার্থী হননি।