ভারতে পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি ‘আগন্তুক’। গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছে বিপ্লব সরকারের এই ছবিটি। ভিসা জটিলতার কারণে পরিচালক সেখানে উপস্থিত থাকতে পারেননি। গত বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। ২০ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয় এবারের ফিল্মবাজার।
নির্মিতব্য, নির্মাণকাজ শেষ হয়েছে, চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চায়, বিশ্ববাজারে পরিবেশক ও অংশীদার খুঁজছে—ভিউয়িং রুম বিভাগে ভারত বা দক্ষিণ এশিয়ার এমন সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। নির্মাতা জানান, পুরস্কার পাওয়ায় তিনি প্রসাদ ল্যাবে ডিআই (ডিজিটাল ইন্টারমিডিয়েট) এবং ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) করার সুযোগ পাবেন।
এবার ফিল্মবাজারে ২৪৭টি ছবি ভিউয়িং রুমে ছিল। তার মধ্যে ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগে জায়গা করে নেয় ৩০টি ছবি। ফিল্মবাজার তরুণ নির্মাতাদের তাঁদের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়।
‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। কাজল তার বাবাকে চিনতে পারে না। কারণ, সে অনেক দিন পর পর বাড়িতে আসে। এ নিয়ে সবার মধ্যে চলে মনস্তাত্ত্বিক লড়াই। পরিবারের এই সম্পর্কগুলো খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে ছবিটিতে। ফিল্মবাজারের জুরিবোর্ড ছবিটির প্রশংসা করেছে।
শুটিং ও সম্পাদনা শেষে এখন ছবিটির অন্যান্য পোস্টপ্রোডাকশনের জন্য প্রস্তুত হচ্ছেন নির্মাতা। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম। ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।
এর আগে ২০১৯ সালে বিপ্লব সরকারের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ ইস এলসহোয়্যার’ ঢাকায় অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট পুরস্কার জিতে নেয়। ২০২০ সালে তার আরেকটি প্রামাণ্যচিত্র ‘বিস্মৃতজন’ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক্সপোজিশন ইয়াং ফিল্ম ট্যালেন্ট গ্র্যান্ট অর্জন করে। এর আগে তিনি প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ ও একই পরিচালকের নির্মিতব্য ‘চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রে।