চাঁদরাতে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী

ফরহাদ রেজাফেসবুক থেকে নেওয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা মারা গেছেন; তিনি ঢালিউডে মিলন নামে পরিচিত। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

‘দেবী’, ‘কাজলরেখা’, ‘উৎসব’, ‘পেয়ারার সুবাস’, ‘সাঁতাও’–এর মতো সিনেমার মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি।

বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান প্রথম আলোকে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল চাঁদরাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মিলন।

ফরহাদ রেজা
ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন

মাহবুব রহমান বলেন, রামপুরার হাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে হঠাৎ পড়ে যান তিনি (মিলন)। তিনি বমি করছিলেন, বমির সঙ্গে রক্ত আসছিল। তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন। তাৎক্ষণিক তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বাবা প্রখ্যাত মেকআপ আর্টিস্ট ফারুকের হাত ধরে চলচ্চিত্রে আসেন মিলন। ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের জন্য যুগ্মভাবে বাবার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘দেবী’ সিনেমার জন্য এককভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিলন।

দুই মেয়ে, স্ত্রী ও মাকে রেখে গেছেন মিলন। আজ ঈদের দিন বেলা ১১টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।