ঢাকাই ছবির প্রথম নয় মাস মন্দা, পরের তিন মাসে কী
বছরের নয় মাস শেষ। ঢালিউডের চলতি বছরের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। ২০২৬ সালে সিনেমা মুক্তিতে ধারাবাহিকতা ছিল না, এমন কী বড় তারকা ও বড় বাজেটের ছবিও ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা দিতে পারেনি। গত তিন মাসেও (জুলাই-সেপ্টেম্বর) ছিল একই চিত্র। বছরের শেষ তিন মাসে কি বদলাবে এই চিত্র?
বছরের প্রথম জানুয়ারিতে মুক্তি পেয়েছে দুটি সিনেমা—‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ ও ‘ময়নার চর’। ফেব্রুয়ারিতে এসেছে ‘বরিশাইল্ল্যা পরী’। মার্চে পবিত্র ঈদুল ফিতর ঘিরে মুক্তি পায় পাঁচটি সিনেমা—‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। এপ্রিলে কোনো সিনেমা মুক্তি পায়নি। মে মাসে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে, ১৩টি। এর মধ্যে ঈদুল আজহায় মুক্তি পায় আটটি। জুন-জুলাইয়ে একটি করে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘শেকড়’। আগস্টে মুক্তি পায় ‘বউ নিয়ে যুদ্ধ’ ও ‘ভালোবাসি হয়নি বলা’। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে ‘লাভ ২৬’।
চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেই বোঝা যায়, ঢালিউডে সিনেমা মুক্তির স্বাভাবিক ধারাবাহিকতা এখনো গড়ে ওঠেনি। ঈদে একসঙ্গে অনেক ছবি মুক্তি পাচ্ছে, আবার ঈদের বাইরে কোনো কোনো মাসে দর্শকের সামনে থাকছে একটি কিংবা কোনো ছবিই নয়। মে মাসে আটটি ঈদের সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ ও প্রদর্শনীর জন্য প্রতিযোগিতাও তৈরি হয়। তখন চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউ কেউ বলেছিলেন, বর্তমান হলসংখ্যা ও বাজার বাস্তবতায় এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় কিছু ছবি শুরু থেকেই পিছিয়ে পড়তে পারে।
কিছুটা আশার আলো
নয় মাসের হিসাবের মধ্যে সবচেয়ে বেশি আশার জায়গা তৈরি হয়েছিল ঈদুল ফিতরে। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। পাঁচটি সিনেমাই মুক্তির আগে আলোচনায় ছিল। মুক্তির পরও কয়েকটি সিনেমা দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে। ‘প্রিন্স’ সিঙ্গেল স্ক্রিনে ভালোসংখ্যক দর্শক টেনেছে, ‘দম’ মাল্টিপ্লেক্সে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। আর ‘বনলতা এক্সপ্রেস’ এখন পর্যন্ত বছরের অন্যতম ব্যবসাসফল দেশি সিনেমা হিসেবে আলোচনায় আছে।
এই ঈদের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল গল্পের বৈচিত্র্য। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রচলিত তারকাকেন্দ্রিক গল্পের বাইরে গিয়ে চার নারীর জীবন, নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামকে সামনে এনেছে। প্রায় তিন ঘণ্টার সিনেমাটিতে চার নারী চরিত্রকে একটি সূত্রে বেঁধেছে ঢাকা শহর। ছবিতে তুষির অভিনয় নজর কাড়ে।
সিনেমা বেশি, সাফল্য কম
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আটটি সিনেমা—আজমান রুশোর ‘রকস্টার’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, সাইফ চন্দনের ‘মালিক’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’, বদিউল আলম খোকনের ‘তছনছ’, ডি এ তায়েবের ‘অফিসার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’। এত বড় তালিকা থাকলেও কোনো একটি সিনেমা ঈদের বাজারে প্রত্যাশিত মাত্রায় বড় প্রভাব তৈরি করতে পারেনি। মুক্তির আগে প্রচারণা, হলসংখ্যা ও শো–ভাগাভাগি নিয়েও ছিল নানা আলোচনা।
বিশেষ করে শাকিব খানের ‘রকস্টার’–কে ঘিরে প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। ফার্স্টলুক, টিজারে চমক দেখালেও মুক্তির পর ছবিটি সেই প্রত্যাশা ধরে রাখতে পারেনি। একইভাবে ‘রইদ’ ও ‘বনলতা সেন’ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকলেও ব্যবসায়িক সাফল্যের জায়গায় বড় কোনো নজির তৈরি করতে পারেনি। ‘মালিক’ ও ‘মাসুদ রানা’ নিয়েও নির্মাণের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা উঠে এসেছে।
শাকিবের জন্য এখন পর্যন্ত স্বস্তির নয়
চলতি বছরে শাকিব খানের দুটি সিনেমা ‘প্রিন্স’ ও ‘রকস্টার’। দুই ছবির মুক্তির আগে দর্শকের আগ্রহ ছিল অনেক। কিন্তু আগের কয়েক বছরের ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘রাজকুমার’ বা ‘বরবাদ’-এর মতো ব্যবসায়িক সাফল্য এবার দেখা যায়নি। রকস্টার ঘিরে আরেকটি প্রত্যাশার কারণ ছিল গান। সিনেমাটিতে ছিল ১০টি গান। কয়েকটি গান আলোচনায় এলেও সিনেমাটির সার্বিক ব্যবসায়িক সাফল্যে তা বড় ভূমিকা রাখতে পারেনি। ফলে শাকিবের জন্য বছরের শেষে ‘সোলজার’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু ছবিটির শুটিং এখনো শেষ হয়নি। শেষ দশ দিনের শুটিং কবে হবে, সেটিও এখনো পরিষ্কার করে জানায়নি পরিচালক ও প্রযোজনাপ্রতিষ্ঠান। এ কারণে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও তা আদৌ কি হচ্ছে, তা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে।
সিয়াম, শুভ-মিমেরও প্রত্যাশা পূরণ হয়নি
সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ মুক্তির আগেই আলোচনায় ছিল। ‘বরবাদ’ দিয়ে আলোচনায় আসা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটিতে সিয়ামকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ট্রেলার ও প্রচারে আগ্রহ তৈরি হলেও ব্যবসায়িক সাফল্যের জায়গায় ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিরতির পর দেশের প্রেক্ষাগৃহে ফিরেছিলেন আরিফিন শুভ। সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায় তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম। প্রায় সাত বছর পর এই জুটির ফেরা নিয়ে আগ্রহ থাকলেও মুক্তির পর ছবিটি সেই মাত্রার আলোচনায় আসেনি।
ব্যতিক্রমী কিছু সিনেমাও ছিল
নয় মাসের হিসাব কেবল বাণিজ্যিক ব্যর্থতার গল্প নয়। কিছু সিনেমা মুক্তির মধ্য দিয়ে ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টাও হয়েছে, যার মধ্যে আছে আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সিনেমাটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল–সংস্কৃতি, ছাত্ররাজনীতি, ক্ষমতার সম্পর্ক ও র্যাগিংয়ের মতো বিষয় উঠে এসেছে। মুক্তির আগেই ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল। জুলাইয়ে মুক্তি পাওয়া প্রসূন রহমানের ‘শেকড়’ও ভিন্ন ধরনের গল্প নিয়ে এসেছে। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা শিশুর চোখ দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও বাবার জন্মভূমিকে দেখানোর চেষ্টা করা হয়েছে।
প্লেব্যাকে ব্যতিক্রমী ঘটনা
একসময় চলচ্চিত্রের গানে নিয়মিত ছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। বাংলাদেশি গানের এই দুই দিকপালকে একসঙ্গে দীর্ঘদিন পর প্লেব্যাকে পাওয়া গেল। ‘প্রিন্স’ সিনেমায় রুনা লায়লা গেয়েছেন ‘জ্বালা জ্বালা’। অন্যদিকে ‘দম’ সিনেমায় সাবিনা ইয়াসমীন নতুন করে গেয়েছেন তাঁর গাওয়া পুরোনো জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। ঈদের সিনেমায় দুই বরেণ্য শিল্পীর কণ্ঠ ফিরে আসা ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা।
প্লেব্যাকে ব্যতিক্রম ছিলেন আহমেদ হাসান সানি। গানের মানুষ হিসেবে পরিচিত এই শিল্পী শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় সাতটি গানে কণ্ঠ দিয়েছেন। এত বড় সুযোগ পেলেও গানগুলো তাঁকে প্রত্যাশিত মাত্রায় আলোচনায় আনতে পারেনি। তবে এর বাইরে এ বছর কয়েকটি সিনেমার গান সিনেমার চেয়ে আলাদাভাবে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
পরের তিন মাসে কি বদলাবে চিত্র?
নয় মাসের এই হিসাবের পর এখন স্বাভাবিকভাবেই নজর বছরের শেষ তিন মাসের দিকে। ‘আন্ধার’, ‘সোলজার’ ও ‘সুড়ঙ্গ ২’—বড় তারকা ও বড় প্রত্যাশার কয়েকটি সিনেমা মুক্তির কথা ছিল। এর মধ্যে গত মঙ্গলবার আন্ধার সিনেমাটি পেছানোর ঘোষণা দিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের মার্চে। অন্য দুই সিনেমার মুক্তির নিশ্চিত তথ্য নেই। টিজার প্রকাশ ডিসেম্বরে ‘সুড়ঙ্গ ২’ মুক্তির ঘোষণা দিলেও সিনেমাটি নিয়ে নতুন তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া প্রতি মাসেই হুট করে কিছু সিনেমা মুক্তি পায়। এসব সিনেমায় না আছে বড় তারকা, না আছে মুক্তির আগে প্রচার। এ রকম কয়েকটি ছবি গত কয়েক মাসে মুক্তি পেলেও একেবারেই সাড়া ফেলতে পারেনি। তাই আগামী তিন মাসে যে ঢালিউডে প্রথম নয় মাসের মন্দা কাটবে না, সে আশঙ্কা থেকেই যাচ্ছে।