বাংলা সিনেমায় নতুন লুক...
‘অন্তর্জাল’ সিনেমার বিশেষ কিছু অংশের শুটিং হবে থাইল্যান্ডে। নির্ধারিত অংশের শুটিংয়ের কস্টিউম, সাজসজ্জা, দৃশ্যগুলো নিয়ে প্রস্তুত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। শুটিংয়ে যাওয়ার ঠিক আগে হঠাৎ পরিচালক জানান, দৃশ্যাংশের পাশাপাশি গানের শুটিং হবে। কোনো প্রস্তুতি ছাড়া এমন কথা শুনে আকাশ থেকে পড়লেন অভিনয়শিল্পীরা। কারণ, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই গান নিয়ে তারা আলাদা করে শুটিং করতে চেয়েছিলেন। সেভাবেই সময় বরাদ্দ করেছিলেন। অবশেষে প্রস্তুতি ছাড়া শুটিংয়ে অংশ নেন। সেই গান থেকে পাচ্ছেন প্রশংসা।
সুনেরাহ বলেন, ‘হুট করেই পরিচালক দীপংকর দাদা বললেন, একসঙ্গে গানের শুটিংও করবেন। তখন আমি পড়ে গেলাম বিপদে। কারণ, ছেলেরা তো চাইলে যেকোনো পোশাক সহজেই ফিট পেতে পারে; কিন্তু মেয়েদের জন্য এটা কিছুটা কঠিন। আমি কয়েক জায়গায় খোঁজ করেও তেমন কস্টিউম পেলাম না। পরে দুটি পোশাকের ব্যবস্থা করি। সেভাবেই গানের শুটিংয়ের অংশ নিই। সেই গানের লুক সবাই এতটা পছন্দ করবেন এটা ভাবিনি।’ সবাই কী বলছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একদমই ন্যাচারাল লুক পছন্দ করেছেন, বাংলা সিনেমায় নতুন লুক...এমন বলছেন। সমুদ্রের পাড়ে একগাদা মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালে হয়তো মানানসই হতো না। সত্যি বলতে, গানটি দেখে আমিও চমকে গিয়েছি।’
গত সোমবার রাতে মুক্তি পায় ‘বলে দিলেই তো হয়’ শিরোনামে ‘অন্তর্জাল’ সিনেমার গানের ট্রিজার। গানটি লিখেছেন, রাসেল মাহমুদ। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি। গানটি নিয়ে ভক্তদের কাছ থেকে সাড়া পাচ্ছেন সিয়াম আহমেদ। গানটি নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, দারুণ সাড়া পাচ্ছি ‘বলে দিলেই তো হয়’ গানটি থেকে। সবাইকে ধন্যবাদ। আমি পুরো গানটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। গানটির রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ সিনেমাটির ঈদে মুক্তির কথা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শোনা যাচ্ছে, ঈদে মুক্তি পাচ্ছে না।
এই প্রসঙ্গে অভিনেত্রী সুনেরাহ বলেন, ‘আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। ফেসবুকে কে বা কারা বলছেন মুক্তি পাবে না, এটা জানি না। আর আমি ফেসবুকে বেশি সরব থাকি না। আমাদের ১২টা গ্রুপ আছে, সেখানে রিপ্লাই দিই। আমার মনে হয় স্যোশাল মিডিয়ার বেশি সময় থাকার চেয়ে সেই সময় জীবনকে দিলে জীবন সুন্দর হবে।’
সাইবার দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনা নিয়েই থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমাটি দেশের বাইরেও মুক্তির কথা রয়েছে।