‘মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বিশাল স্বীকৃতি’

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫-এ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করেছে জুরিবোর্ড। ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’,‘ওয়েব সিরিজ’ ও ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’—এই তিন বিভাগে দেওয়া হবে পুরস্কার। চলুন জেনে নেওয়া যাক, মনোনীতদের প্রতিক্রিয়া। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ

সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চিত্রনাট্যকার

মনিরুল ইসলাম রুবেল, মানুষ কী বলবে

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য মনোনয়ন অবশ্যই একটা বিশাল স্বীকৃতি। ভালো কাজের অনুপ্রেরণা। মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত ও সম্মানিত। পুরস্কার পেলে আরও উৎসাহিত হব। মেরিল–প্রথম আলো ও জুরিদের ধন্যবাদ।

রাবা খান, খুব কাছেরই কেউ

আমার আসলে অনেক ভালো লাগছে এ কারণে যে মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো বড় প্ল্যাটফর্ম থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন আমার কাছে অনেক স্পেশাল। কারণ, চিত্রনাট্যকার হিসেবে এটা আমার প্রথম মনোনয়ন। এই মনোনয়ন পেয়ে সম্মানিত বোধ করছি।

সিদ্দিক আহমেদ, তোমাদের গল্প

পরিবার আর সম্পর্কের গল্প তো মানুষ ভুলে যাচ্ছে। আমার দিক থেকে প্রয়াস ছিল সেই গল্পকে এই সময়ের উপযোগী করে সবাই একসঙ্গে বসে দেখার মতো করে উপস্থাপন। দর্শক ও সমালোচকদের ভালোবাসাটা আসলেই বাড়তি পাওনা।

সেরা নির্দেশক

আরাফাত মহসীন নিধি, খুব কাছেরই কেউ

জুরিদের ধন্যবাদ, তাঁরা খুব কাছেরই কেউকে মনোনয়ন পাওয়ার যোগ্য মনে করেছেন। ১২ বছর পর আবার পরিচালনায় এসে সেরা নির্দেশক হিসেবে প্রথমবার মনোনয়ন পেলাম। আমার এই ছোট কাজটি চারটি মনোনয়ন পেয়েছে দেখে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ যাঁরা আমাদের নির্বাচন করেছেন।

আশিকুর রহমান, মানুষ কী বলবে

ছোটবেলায় যখন নাটক–সিনেমার পোকা মাথায় ঢুকেছিল তখন থেকে মেরিল-প্রথম আলো পুরস্কারে কোন বছর কে পুরস্কার পাচ্ছেন, সেদিকে নজর রাখতাম। তখন যাঁরা পুরস্কার পেতেন [গিয়াস উদ্দিন] সেলিম ভাই, [নুরুল আলম] আতিক ভাই, অমিতাভ রেজা ভাই, [মোস্তফা সরয়ার] ফারুকী ভাই, তাঁরাই ছিলেন আমার পরিচালনার অনুপ্রেরণা, আদর্শ। যেই পুরস্কার তাঁরা পেতেন, এত বছর পর সেই পুরস্কারে আমি মনোনয়ন পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। পুরস্কার পেলে খুশি হব, না পেলেও আফসোস থাকবে না। জুরিদের আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, তোমাদের গল্প

পুরো পরিবার বসে দেখার মতো কাজ আসলে অনেক দিন থেকেই হচ্ছিল না। আমি ও আমার পুরো টিম বিটিভির সেই পুরোনো দিনের মতো একসঙ্গে বসে সবাই মিলে দেখার মতো কাজ করতে চাইছিলাম। সেটারই শুরু ছিল তোমাদের গল্প। দর্শক যে এই সাধারণ গল্পটাকে এতখানি আপন করে নেবে, তা আমরা রেসপন্স দেখে পরে বুঝেছি। দিন শেষে তোমাদের গল্প আসলে আমাদের প্রতিটা পরিবারের আর একান্ত নিজেদের দেশীয় গল্প।

সেরা অভিনেত্রী

তানজিম সাইয়ারা তটিনী, তোমাদের গল্প

সমালোচক পুরস্কার আমার জন্য অনেক স্পেশাল। কারণ, আমি প্রথম যে পুরস্কারটি পাই সেটা মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। এবার তিনটা মনোনয়ন পেলাম। যার মধ্যে তোমাদের গল্প–এর জন্য তারকা জরিপ ও সমালোচক দুটি মনোনয়ন সত্যি আনন্দের। গতানুগতিক যে কাজগুলো আমি করি, সে তুলনায় এই চরিত্র ছিল একটু ভিন্ন। বলা যায় এ কাজ দিয়েই আমি চঞ্চল চরিত্রে কাজ শুরু করি। জুরিদের ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা।’

তানজিম সাইয়ারা তটিনী, ভালো থেকো

আমার জন্য সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমি ভালো থেকোর জন্য মনোনয়ন পেয়েছি। ভালো থেকো গত বছরের করা আমার সবচেয়ে কাছের একটি কাজ। অফট্র্যাকের একটি কাজ মানুষ এত বেশি পছন্দ করেছে। কিছু কাজ থাকে যেগুলোর চরিত্রগুলোর জন্য স্পেশাল হয়ে থাকে। ভিন্ন ভিন্ন চরিত্র দর্শক–সমালোচক পছন্দ করলে এমন কাজ করতে আগ্রহ বাড়ে। জুরিদের ধন্যবাদ আমাকে এই চরিত্রে মনোনয়নের জন্য উপযুক্ত মনে করেছেন। যে প্রাপ্য সেই পুরস্কার পাক, এটাই চাওয়া, সে যে–ই হোক।

সুনেরাহ্ বিনতে কামাল, খুব কাছেরই কেউ
মনোনয়ন পেয়ে ভালো লাগছে। আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের শুভেচ্ছা। আশা করি যে ডিজার্ভ করে, পুরস্কারটি সেই পাবে।

সেরা অভিনেতা

এফ এস নাঈম, খুব কাছেরই কেউ

খুব কাছেরই কেউ–এর জন্য মনোনয়ন আমার মনে শক্তি জুগিয়েছে। এই গল্পে আমি মন ভরে কাজ করেছি, সংলাপগুলো এত সুন্দর যে কোনোটাই যাতে মিস না হয়, সেটা খেয়াল রাখতাম। অনেক কাজ করতে চাইনি, এমন কাজই করতে চেয়েছি। আমার অনেক জনপ্রিয় কাজের তালিকায় নতুন করে খুব কাছেরই কেউ যুক্ত হলো। ভালো লাগছে এমন একটি কাজে মনোনয়ন পেয়েছি। ধন্যবাদ জুরিবোর্ডকে।

খায়রুল বাসার, প্রাকৃতজন

প্রাকৃতজন নাটকে জাকির আলী চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, বহুদিন পর এমন একটা চাপ কাজ করছিল। চরিত্রটাকে যতটা যৌক্তিক করা যাবে, ততটাই গল্পটা এগিয়ে থাকবে। কারণ, গল্পটা ঝুঁকেই আছে জাকির আলীর গতিবিধির ওপর। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এই চরিত্রে বিবেচনা করার জন্য। গত বছরও এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলাম, পুরস্কার পেয়েছিলাম। বিজ্ঞ জুরিবোর্ড আমাকে আবারও মনোনয়ন দিয়েছে, এ জন্য অনেক কৃতজ্ঞ। এই অনুপ্রেরণায় যেন এ রকম ভালো গল্প ও নির্মাণের সঙ্গে আরও বেশি বেশি যুক্ত হতে পারি।

ফারহান আহমেদ জোভান, তোমাদের গল্প

প্রথমবার সমালোচক বিভাগে মনোনয়ন পেলাম। আগে কখনো পাইনি, তাই এটা আমার জন্য স্পেশাল। এখানেও তোমাদের গল্প নাটকের জন্য মনোনয়ন পেয়েছি। ভালো লাগছে। আশা করি যে প্রাপ্য, সে–ই পুরস্কার পাবে।

ওয়েব সিরিজ

সেরা ওয়েব সিরিজ

গুলমোহর, রেদওয়ান রনি

গুলমোহর চরকির গুরুত্বপূর্ণ একটি কাজ। বেশ বড় পরিসরে নির্মিত। শাওকী মেধাবী নির্মাতা। কাজটি দর্শকনন্দিত হয়েছিল। এখন জুরিদের বিচারে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ হিসেবে মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। চরকি টিম থেকে কৃতজ্ঞতা জানাই ও নির্মাতা শিল্পী-কলাকুশলীকে অভিনন্দন জানাই।

বোহেমিয়ান ঘোড়া, সাকিব আর খান

যেকোনো স্বীকৃতি আনন্দের। অবশ্যই আমরা আনন্দিত মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো এত বড় ইভেন্টে মনোনয়ন পেয়ে। যেহেতু সেরা সিরিজ হিসেবে মনোনয়ন, সেহেতু এই মনোনয়ন শিল্পী-কলাকুশলী থেকে সিরিজের সবার। তাঁদের অবদানের জন্যই সিরিজটি ভালো হয়েছে, তাই এই কৃতিত্ব অবশ্যই তাঁদের। দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছেও কাজটি ভালো লাগায় আমরা আনন্দিত।

মাইশেলফ অ্যালেন স্বপন ২, রেদওয়ান রনি

অ্যালেন স্বপন দর্শকের কাছে অনেক জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকতায় অ্যালেন স্বপন ২। দর্শকের অনেক ভালোবাসা পাওয়ার পর এখন জুরিদের বিচারে সেরা ওয়েব সিরিজ মনোনীত হয়েছে। এই সিরিজের নির্মাতা শিহাব শাহীন একজন জনপ্রিয় নির্মাতা। তিনি এবং এই সিরিজের সব শিল্পী-কলাকুশলীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আশা করি বিজ্ঞ জুরিদের এই স্বীকৃতি আমাদের অনেক অনুপ্রাণিত করবে।

সেরা পরিচালক

অমিতাভ রেজা চৌধুরী, বোহেমিয়ান ঘোড়া

বোহেমিয়ান ঘোড়ার জন্য সমালোচক পুরস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পাওয়া সত্যিই অনেক বড় অনুপ্রেরণা। এই স্বীকৃতির জন্য মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ। এই যাত্রাটা একার নয়, আমার অসাধারণ টিম, শিল্পী, আর যাঁরা শুরু থেকে পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া।

শিহাব শাহীন, মাইশেলফ অ্যালেন স্বপন ২

পুরস্কার পাব কি না জানি না। মনোনয়ন পাওয়াটাও একটা স্বীকৃতি। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। অনেক তাড়াহুড়া করে কাজটি করেছিলাম। পরিচালকের স্বীকৃতি মানে পুরো টিমের স্বীকৃতি। ধন্যবাদ মেরিল-প্রথম আলোকে মনোনয়ন দেওয়ার জন্য।

সৈয়দ আহমেদ শাওকী, গুলমোহর

এই মনোনয়ন আমার জন্য অনেক বড় সম্মান। মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জুরিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তাঁরা গুলমোহরকে যে গুরুত্ব দিয়ে দেখেছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন পরিচালক যতটা ভালো, তাঁর টিম তার থেকেও ভালো দেখাতে পারে। আমি হয়তো গল্পটা বলতে চেষ্টা করেছি, কিন্তু সেই গল্পকে জীবন্ত করে তুলেছে আমার পুরো টিম। ক্যামেরার পেছনে যাঁরা ছিলেন, অভিনয়শিল্পীরা, টেকনিশিয়ানরা—সবাই মিলে গুলমোহরকে আজকের জায়গায় নিয়ে এসেছেন। পুরো টিমের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।

সেরা অভিনেত্রী

জয়া আহসান, জিম্মি

জিম্মি আমার প্রথম ওয়েব সিরিজ। এটার জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়ায় ভীষণ ভালো লাগছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।

রাফিয়াত রশিদ মিথিলা, মাইশেলফ অ্যালেন স্বপন২

খুব ভালো লাগছে। মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন ভীষণ সম্মানের। ভালো কাজের জন্য স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। ধন্যবাদ জুরি প্যানেলকে আমাকে যোগ্য মনে করার জন্য।

সাদিয়া আয়মান, বোহেমিয়ান ঘোড়া

এ বছর দুটি কাজ করেছি মাত্র। যার মধ্যে বোহেমিয়ান ঘোড়ায় মনোনয়ন পেয়েছি। আমি অনেক খুশি, কারণ কাজটা আমার অনেক প্রিয়। পুরস্কার পাই বা না পাই, কাজটাকে মনোনয়ন দিয়ে স্বীকৃতি দেওয়াটাও আমার জন্য অনেক পাওয়া। জুরিদের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমাকে এ জন্য উপযুক্ত মনে করায়। ধন্যবাদ।

সেরা অভিনেতা

আবদুল্লাহ আল সেন্টু, ফ্যাকড়া

মেরিল-প্রথম আলোতে প্রথমবারের মতো নমিনেশন পেয়েছি। ফ্যাকড়ার পরিচালক আসিফ চৌধুরী ভাই ও টিমের সবার কাছে কৃতজ্ঞ। জুরিদের বিচারে সেরা তিনজনের একজন হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, সেই সঙ্গে ভয়ও কাজ করছে, এই নমিনেশনের জন্য যেন নিজের ভেতর না অহংবোধ জন্মায়! জীবনের বাজে সময়ে এ রকম একটা আনন্দের সংবাদে সত্যি অনেক ভালো লাগা কাজ করছে। তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথম আলো, মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজকদের কাছে এবং সব জুরির কাছে।

নাসির উদ্দিন খান, মাইশেলফ অ্যালেন স্বপন ২

কোথাও মনোনয়ন পেলে আমার বেশ ভালো লাগে। সবাই তো একসঙ্গে প্রথম হয় না, কিন্তু কয়েকজনের মধ্যে থাকতে পারার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারও মনোনয়ন পেয়েছি, ভালো লাগছে। ধন্যবাদ জুরিদের আমাকে যোগ্য মনে করার জন্য এবং ধন্যবাদ মাইশেলফ অ্যালেন স্বপন ২–এর পরিচালক শিহাব শাহীনকে, এত সুন্দর একটি চরিত্রের জন্য তিনি আমাকে ভেবেছিলেন। অ্যালেন স্বপনের পুরো টিমের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

মোস্তাফিজুর নূর ইমরান, গুলমোহর

অনুভূতি ভালো, সুন্দর। ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন হলে ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে।

আরও পড়ুন

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চলচ্চিত্র

জয়া আর শারমিন, পিপলু আর খান ও জয়া আহসান

জয়া আর শারমিন একটি বিশেষ পরিস্থিতিতে তৈরি চলচ্চিত্র। ছবিটি দর্শক দেখবে কি দেখবে না, ছবির বিচারে কেমন হলো—এসব বিবেচনা করে কাজটি করা হয়নি। শুধু একটি অনুভূতি প্রকাশের জন্যই ছবিটি তৈরি করা হয়েছিল। এই ছবির মাধ্যমে একজন মেধাবী অভিনেত্রী মোহসিনা আক্তারকে চলচ্চিত্রে নিয়ে আসতে পেরেছি—প্রযোজক হিসেবে এটা একটা সফলতাই বলব। আমাদের ছবিটিকে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ।

বাড়ির নাম শাহানা, আরিফুর রহমান

যখন বাংলা চলচ্চিত্রের ভালো সময় যাচ্ছে, তখন এই খুশির খবর পেলাম। আমাকে এটা অনেক অনুপ্রাণিত করেছে। দর্শকের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি। এক যুগের বেশি সময় নিজেকে তৈরি করেছি। এ বছর আরও একটি ছবির কাজ শুরু করেছি। কাজটির জন্য মনোনীত হয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সবার দোয়া ও ভালোবাসা চাই।

সাবা, আরিফুর রহমান

মনোনয়ন পেয়ে খুবই ভালো লাগছে। নির্মাণের সময় আমি নজর দিয়েছিলাম যেন ছবিটি আন্তর্জাতিক মানের হয়। আমরা সেই চেষ্টা করেছি। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে আমার মনে হচ্ছে, আমাদের সেই চেষ্টাটা সফল হয়েছে।

সেরা পরিচালক

জোবায়দুর রহমান, উড়াল

‎উড়াল আমার প্রথম সিনেমা। পরিচালক হিসেবে আমার অভিষেক। আমাদের টিমের প্রায় প্রত্যেক সদস্যের কাছেই উড়াল ছিল যাঁর যাঁর জায়গা থেকে প্রথম সিনেমার অভিজ্ঞতা। মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পাওয়া সত্যিই ভীষণ সম্মান ও আবেগের। উড়াল টিমের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ, আমার ওপর তাঁরা বিশ্বাস রেখেছিলেন। ‎একই সঙ্গে শ্রদ্ধা জানাই মনোনীত দুই গুণী নির্মাতা পিপলু আর খান ও মাকসুদ হোসেনের প্রতি।

পিপলু আর খান, জয়া আর শারমিন

জয়া আর শারমিন নিরীক্ষাধর্মী চলচ্চিত্র। এটি হয়তো খুব কমসংখ্যক দর্শকের কাছে পৌঁছেছে। জুরিরা এই ছবিকে যে নোটিশ করেছেন, এটা খানিকটা আনন্দের বিষয়, খানিকটা আশ্চর্যের বিষয়। আমি বিস্মিত। জুরিদের ধন্যবাদ জয়া আর শারমিন–এর মধ্যে কিছু একটা খুঁজে পাওয়ার জন্য, আমাকে মনোনীত করার জন্য।

মাকসুদ হোসেন, সাবা

সমালোচকদের রায়ে সাবা সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী—এই তিন ক্যাটাগরিতে মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এ মনোনয়ন পেয়েছে। এটা আমার জন্য ভীষণ আনন্দের ও সম্মানের। সম্মানিত জুরিবোর্ডের প্রত্যেকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথম আলোকে। এই মনোনয়ন আমাকে মনে করিয়ে দিচ্ছে, আমি যে গল্পগুলো বলতে চাই, মানুষের কাছে তা পৌঁছাচ্ছে। একজন নির্মাতা হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। এই স্বীকৃতি আমাকে ব্যক্তিগতভাবে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি পুরো টিমের পরিশ্রমকে আরও অর্থবহ করে তুলেছে।

সেরা অভিনেত্রী

জাকিয়া বারী মম, অন্ধকারের গান

মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে। আমাদের কাজটির পরিচালক ভিকি জাহেদ ও তাঁর টিম খুবই গোছানো। তাঁর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। মূলত এই কাজ জীবনের কথা বলে। চরিত্র ও গল্পের মধ্যে মানুষ নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। রুমালি চরিত্রটি দর্শক পছন্দ করেছেন, এটাই বড় পাওয়া। নাটকের সহশিল্পী হিসেবে মনিরা মিঠু আপা ও মোশাররফ করিম ভাইকে পাওয়াটাও দারুণ অভিজ্ঞতা ছিল।

জয়া আহসান, ফেরেশতে

ফেরেশতে একটি ইরানি-বাংলা ফিল্ম। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে সত্যি ভালো লাগছে। এই ছবির একজন প্রযোজকও আমি। এ জন্য আরও বেশি ভালো লাগছে।

মেহজাবীন চৌধুরী, সাবা

জুরিদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। কারণ, তাঁরা কাজটাকে খুব কাছ থেকে টেকনিক্যাল ও পারফরম্যান্স সবদিক বিবেচনা করে মূল্যায়ন করেন। সাবা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল। আর সেই পরিশ্রমটা যখন এভাবে স্বীকৃতি পায়, তখন ভীষণ ভালো লাগে। এটা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।

সেরা অভিনেতা

কামরুজ্জামান কামু, আমলনামা

অভিনেতা হিসেবে এই মনোনয়ন আমার জন্য সত্যিই অপ্রত্যাশিত ও আনন্দের। নিজেকে আসলে অভিনেতা হিসেবে দেখি না। আমলনামাতে কাজটা করেছি মূলত গল্পের ভেতরে ঢুকে, চরিত্রটির সঙ্গে একধরনের ব্যক্তিগত সংযোগ অনুভব করে। সেই জায়গা থেকে কাজটি আমার কাছে ছিল অনেকটা অভিজ্ঞতার মতো, পরিকল্পিত অভিনয়ের মতো নয়। জুরিদের এই স্বীকৃতি আমাকে বিস্মিত করেছে এবং একই সঙ্গে কৃতজ্ঞ করেছে। নির্মাতা, সহশিল্পী ও পুরো টিমের আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব হতো না। এই মনোনয়নকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে; বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই দেখছি।

মনোজ প্রামাণিক, অমীমাংসিত

আমি যত ধরনের কাজ করেছি, তার মধ্যে অমীমাংসিতর চরিত্রটি ভিন্ন। পরিচালক চরিত্রটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করিনি মনোনয়ন পাব। তবে চরিত্রটি মনোনয়ন পাওয়ার মতো। মনোনয়ন পেলে একটা চাপ কাজ করে। বন্ধু, পরিবার সবার প্রত্যাশা বেড়ে যায়। দেখা যাক, আশা করি যা হবে ভালো হবে।

মাহাফুজ মুন্না, উড়াল

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এর আয়োজক ও সম্মানিত জুরিদের প্রতি। প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনীত হয়েছি, এ অনুভূতি অদ্ভুত ও অসাধারণ। প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রথম চলচ্চিত্রেই সমালোচক ক্যাটাগরিতে নমিনেশন পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি আমার স্ত্রী ও পরিবারের সদস্য, আমার সব সময়ের অনুপ্রেরণা মরহুমা মা, আমার বন্ধু ও শুভানুধ্যায়ী, সেই সঙ্গে উড়াল চলচ্চিত্রের প্রযোজক, চিত্রনাট্যকার পরিচালকসহ পুরো টিমের প্রতি কৃতজ্ঞ। সবার অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের উড়াল। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

শান্ত চন্দ্র সূত্রধর, উড়াল

অভিনয়জীবনে আমার প্রথম চলচ্চিত্র উড়াল, প্রথম কাজেই মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫-এ সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন—এটি সত্যিই আমার কল্পনারও বাইরে ছিল। ছোটবেলায় যখন টেলিভিশনে মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানটি দেখতাম, তখন আনমনে ভাবতাম, ‘ইস! যদি কোনো দিন এমন একটি মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেতাম!’ আজ মনে হচ্ছে, স্রষ্টা হয়তো সেই স্বপ্নের দুয়ারটাই খুলে দিয়েছেন। আমি কৃতজ্ঞ সম্মানিত জুরিবোর্ডের প্রতি, দর্শকদের প্রতি এবং উড়াল টিমের প্রতি, যাঁদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।