তমা মির্জা রায়হান রাফীকে মঞ্চে ডেকে নিলেন, রাতে ফেসবুকে কী লিখলেন পরিচালক

তমা মির্জা ও রায়হান রাফী
ছবি: ফেসবুক থেকে

পুরস্কার পেয়ে কৃতজ্ঞতায় পরিচালক রায়হান রাফীকে ডেকে মঞ্চে নিলেন অভিনেত্রী তমা মির্জা। জানালেন তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অবদান এই পরিচালকের। উৎসর্গ করলেন পুরস্কার। এ ঘটনার পরে রাতে ফেসবুকে তমাকে নিয়ে কী লিখলেন রাফী?

গতকাল রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের রায়হান রাফীর ‘আমলনামা’য় অভিনয়ের জন্য সমালোচক পুরস্কার বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পান তমা।

তমা মির্জা
ছবি: ফেসবুক থেকে

পুরস্কার পাওয়ার পরে তমা বলেন, ‘যাঁর কাছ থেকে আমি অভিনেত্রী হয়ে উঠেছি, আমার অভিনয় যাঁর মধ্য দিয়ে নতুন করে জন্ম নিয়েছে, তিনি রায়হান রাফী। আমি পুরস্কার কখনো আমার বাবা কখনো মাকে উৎসর্গ করি। আমি এবারের পুরস্কারটি রায়হান রাফীকে উৎসর্গ করলাম। কারণ, এই অর্জনের পেছন তাঁর অবদান অনেক বড়, তাঁর কারণেই হয়তো আমার এই ভিন্ন পথচলা। এ জন্য রাফীকে অনেক অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন
রায়হান রাফী
ছবি: ফেসবুক থেকে

এ সময় মঞ্চে রায়হান রাফী বলেন, ‘একজন পরিচালকের কাজ অভিনেত্রীকে খুঁজে বের করা। চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীদের তৈরি করা। এখানে আসলে কেউ কাউকে তৈরি করতে, অভিনেত্রী বানাতে পারে না। সবাই তাঁর যোগ্যতায় জায়গা করে নেন। তমা অনেক ভালো করেছে। ও অনেক মেধাবী অভিনয়শিল্পী। আশা করছি, আগামী দিনেও আরও ভালো করবে।’

আরও পড়ুন
বেশ আগের একটি ছবিতে রায়হান রাফী ও তমা মির্জা
ছবি: ফেসবুক থেকে

পরে রাতে ফেসবুক স্ট্যাটাসে তমাকে নিয়ে রাফী আরও লিখেছেন, ‘কিছু অভিনয় পর্দার গণ্ডি পেরিয়ে যায়, গল্প শেষ হওয়ার পরও যা দীর্ঘ সময় মনে থেকে যায়। “আমলনামা”র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার আবেগঘন অভিনয়ে সেটে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সেই একই আবেগ দর্শকদের মনেও ছুঁয়ে যেতে দেখে পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে।’

‘আমলনামা’র জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পান এই পরিচালক। তিনি আরও লিখেছেন, ‘আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে “আমলনামা”। এটি ছিল গভীরভাবে ব্যক্তিগত এক যাত্রা, যা গড়ে উঠেছে ভালোবাসা, পারস্পরিক আস্থা এবং অসাধারণ একটি দলের সম্মিলিত প্রচেষ্টায়।’