এক ছবি নিয়েও বুবলীর চেয়ে কম যান না অপু

অপু বিশ্বাস ও শবনম বুবলীকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উৎসবে একটি মাত্র ছবি মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের। অন্যদিকে দুটি ছবি মুক্তি পাচ্ছে শবনম বুবলীর। দুজনেই গেল কয়েদিন ধরে ছবি দুটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এখন চলছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। দুজনেই তাদের ফেসবুক ওয়ালে ছবি দেখার আহ্বান জানাচ্ছেন। গান, ট্রেলার, টিজার ও বিভিন্ন স্থিরচিত্র পোস্ট করছেন। অনেক ভাবছেন এই দুই তারকার মুখোমুখি লড়াইটা ভালোই হবে। কি হয় তা দেখতে ঈদের প্রথম তিনদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হিসেব নিকেষ যাই হোক না কেন, তবে মুক্তি আগের হিসেবে একটি ছবি নিয়েও বুবলীর চেয়ে কম যান না অপু বিশ্বাস।

এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত শবনম বুবলীর ছবি ‘প্রহেলিকা’ মুক্তি পাচ্ছে আটটি প্রেক্ষাগৃহে। অন্যদিকে এখন পর্যন্ত ‘ক্যাসিনো’ ছবিটি ১৬ প্রেক্ষাগৃহে মুক্তির খবর চূড়ান্ত হয়েছে। এ দুটি ছবি মিলে বুবলীর নামের সঙ্গে মোট প্রেক্ষাগৃহ প্রাপ্তি যোগ হয়েছে ২৪টি। আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের ১২ প্রেক্ষাগৃহে। সে হিসেবে বলা যেতে পারে, একটি ছবি মুক্তি পেলেও ১২ প্রেক্ষাগৃহে কোনো অংশ কম যান না অপু বিশ্বাস।

‘প্রহেলিকা’ চলচ্চিত্রে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ
ছবি : পরিচালকের সৌজন্যে

এদিকে ঈদের ছবি নিয়ে আজ আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে আসেন শবনম বুবলী। সেখানে তিনি ছবি দুটি নিয়ে কথা বলেন। প্রহেলিকা প্রসঙ্গে বুবলী বললেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা ছবিটি করেছি। ছবিতে অনেক দূর্দান্ত অভিনেতারা অভিনয় করেছেন। চমৎকার গল্পের একটা সিনেমা। আমাদের এই টিমের সব অভিনয়শিল্পীরা সবসময় তাদের সেরাটুকু দিয়ে থাকেন, এখানেও তাঁর ব্যতিক্রম হয়নি।’

ক্যাসিনো ছবিতে বুবলী ও নিরব
ছবি : পরিচালকের সৌজন্যে

মুক্তির দিক দিয়ে ‘ক্যাসিনো’ ছবির পরিচালক সৈকত নাসিরের সঙ্গে শবনম বুবলীর দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে এই পরিচালকের তালাশ নামের একটি ছবিতে দেখা গেছে তাঁকে। ‘ক্যাসিনো’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এই মুভিতে প্রথম অভিনয় করি নিরব ভাইয়ের সঙ্গে। দর্শকেরা অ্যাকশন থ্রিলার মিলিয়ে দারুণ একটা ছবি দেখার সুযোগ পাবেন।’

‘লাল শাড়ি’ চলচ্চিত্র, অপু বিশ্বাস
ছবি : পরিচালকের সৌজন্যে

অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি প্রযোজনার পাশাপাশি এর প্রধান চরিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো একটি অসাধারণ ছবি লাল শাড়ি। বাংলাদেশের কৃষ্টি-কালচার তাঁতশিল্প। শিল্পটির অনেক অজানা অধ্যায় এই সিনেমায় তুলে ধরেছি। সুতরাং আমাদের ঐতিহ্য নিয়ে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।’

‘লাল শাড়ি’ নিজের স্বপ্নের একটি চলচ্চিত্র মনে করে অপু বিশ্বাস বলেন, ‘অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। আমি চাইব, আপনারাও প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখবেন। তবে শুধু আমার সিনেমা নয়, ঈদে মুক্তির মিছিলে থাকা সবগুলো সিনেমা দেখারও আহ্বান জানাই। কোরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমাসহ যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। কারণ, সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে।’

‘লাল শাড়ি’ চলচ্চিত্র, অপু বিশ্বাস ও সাইমন সাদিক
ছবি : পরিচালকের সৌজন্য