এমন অভিজ্ঞতা আগে হয়নি, ‘দম’ নিয়ে নিশো
ঈদের মুক্তি পেয়েছে রেদওয়ান রনির সিনেমা ‘দম’। ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সোমবার সন্ধ্যায় প্রথম আলোর বিশেষ আয়োজন ‘তারার ঈদ’–এ হাজির হয়েছিল ‘দম’ টিম। প্রথম আলোর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রনি, নিশো ছাড়াও ছিলেন ‘দম’–এর অভিনেত্রী পূজা চেরী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। এদিন খোলামেলা আড্ডায় ছবিটি নিয়ে কথা বলেন তারকারা।
অনুষ্ঠানের রুহানী সালসাবিলের প্রশ্নের উত্তরে নিশো জানান, ‘দম’–এর শুটিং অভিনেতা। তিনি কথা বলেন কাজাখস্তানের প্রতিকূল পরিবেশে শুটিং নিয়ে। ‘এত কাজ করেছি, এমন অভিজ্ঞতা হয়নি। এ রকম ঠান্ডাও দেখা হয়নি। হয়তো তাপমাত্রা মাইনাস ৮, কিন্তু অনুভূত হতো মাইনাস ১৫। দেখে মনে হয়, সানি ওয়েদার, ঠান্ডা; মনে হয় একটা মানুষ খালি গায়ে ছবি তুলতে পারবে। কিন্তু আবহাওয়া ভাষায় প্রকাশ করতে পারব না,’ বলেন নিশো।
অনুষ্ঠানে প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, শুটিং নিয়ে আরেকটি অজানা কথা। তাঁর ভাষ্যে, ‘আমার কাছে একদিন ফোন এল, আজ শুটিং প্যাকআপ করা উচিত। আমি সঙ্গে সঙ্গে প্যাকআপ করে দিয়েছি। কারণ, সেদিন যদি নিশো শুটিং করে দেখা যাবে কাল, পরশু হয়তো বা দুই দিন প্যাকআপ করতে হবে। ও এতটাই অসুস্থ। একটু পর আমি জানতে পারি, নিশো শুটিং করবেই।’
এ সময় শাহরিয়ার শাকিল জানান, নিশো সিনেমার সঙ্গে এতটাই সৃজনশীলভাবে যুক্ত হয়ে যান, সে জন্যই মনে হয় সিনেমা এতটা সাফল্য পায়।
অনুষ্ঠানে কথা বলেন ছবিতে রানী চরিত্রে অভিনয় করা পূজা চেরী। তিনি বলেন, ‘যাঁরা যাঁরা এখন দেখেছেন সবাই বলছেন, এটা আমার সেরা কাজ। “দম” আমার জন্য শুধু একটা সিনেমা না; আবেগ, একটা নতুন অধ্যায়।’
অনুষ্ঠানে নির্মাতা রেদওয়ান রনি শুটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘এত দুর্গম লোকেশন...অনেক সময়ই পানি, খাবারের মতো সহায়ক জিনিসগুলো ঠিকভাবে পাওয়া যায়নি। এমনও হয়েছে, রাত ২টায় রওনা দিয়েছি, ৪টায় পৌঁছেছি, ৫টায় ক্যামেরা চালু হয়েছে। নিশো তখন পাতলা কাপড় পরে আছে। আর সিনেমাটোগ্রাফার মিখাইল এই প্রতিকূল পরিবেশে খাবার ছাড়া কাজ করছে। এটা আসলে চরম মানসিক শক্তি না থাকলে সম্ভব নয়।’
রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ।