শাবনূরের সঙ্গে সালমানের প্রেম? ৩০ বছর পর এসে কী বলছেন সালমানের মা
ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের জুটি আজও মানুষের কাছে বেশ জনপ্রিয়। পর্দায় তাঁরা যেমন আলোচিত, তেমনি সালমানের মৃত্যুর পর দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। একসময় এসে সালমান–শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, তাঁদের সম্পর্ক ছিল ভাই–বোনের মতো। এবার সেই প্রসঙ্গে কথা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। তিনিও বলেন, তাঁর ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।
সালমান শাহর মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলে আসছে। বিভিন্ন সময় শাবনূর বলেছেন, সালমান তাঁকে ছোট বোনের মতো দেখতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় তাঁকে ‘পিচ্চি’ বলে ডাকতেন বলেও প্রথম আলোকে জানান এই অভিনেত্রী। এমনকি সালমানের মা-বাবার সঙ্গেও তাঁর ছিল পারিবারিক সম্পর্ক।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা ডন। তাঁকে গ্রেপ্তারের পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন নীলা চৌধুরী। তাঁর মতে, শাবনূরের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল না; বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তাঁর ছেলে।
নীলা চৌধুরী বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানত। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করত সাহায্য করতে। তার কোনো বোন ছিল না, সে বোনের মতোই দেখত। স্নেহ করত।’
তবে একই সঙ্গে শাবনূরকে নিয়ে বেশ কিছু অভিযোগও করেন নীলা চৌধুরী। তাঁর দাবি, শাবনূর তাঁর সঙ্গে সালমানের সম্পর্ক আছে, এমন একটা বিষয় বোঝাতে চাইতেন এবং পরবর্তী সময়ে এই সম্পর্কের খবর নিয়ে নানা রং মাখানো হয়েছে। নীলা চৌধুরীর মতে, ‘শাবনূরের সঙ্গে প্রিয়জন হিসেবে সালমানের প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। প্রিয়জনের সঙ্গে যে রকম প্রেম থাকে—সে রকম।’
সালমান–শাবনূরের সম্পর্ক নিয়ে অবশ্য শাবনূরের বক্তব্য বরাবরই ভিন্ন। তিনি একাধিকবার বলেছেন, সালমানকে তিনি কখনোই প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। শাবনূর প্রথম আলোকে বলেন, ‘এটা একেবারে সত্যি কথা, সালমানকে আমি ভাই ছাড়া আর অন্য কোনো চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কী লাভ হয়েছে, আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি। তিল তিল করে গড়ে তুলেছি। কিছুসংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে।’
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম ছবিতে তাঁর নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সেই সিনেমার পর বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পায় সালমান–শাবনূর জুটি। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান অভিনয় করেন ২৭টি সিনেমায়, এর মধ্যে ১৪টিতে তাঁর নায়িকা ছিলেন শাবনূর।
‘তুমি আমার’ দিয়ে সালমান–শাবনূর জুটির শুরু। পরে একে একে অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায়। তাঁদের জুটির অধিকাংশ সিনেমাই পায় ব্যবসায়িক সাফল্য।
পর্দার এই জুটির সম্পর্ক নিয়ে শাবনূর বলেন, কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।
তাঁর মতে, ‘সালমান অনেক বড় মনের মানুষ। বয়সে বড় সবাইকে সে যথেষ্ট সম্মান করত। কোনো অহংকার তার মধ্যে ছিল না। অনেক বেশি ভালো ছিল। সহশিল্পীদের সবার প্রতি খুব আন্তরিক আর কাজপাগল একটা ছেলে ছিল। আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার। বলতে পারেন, একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম।’
শুধু সালমানের সঙ্গে নয়, তাঁর স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। তাঁর মতে, শুটিংয়ের সময় সামিরা প্রায়ই তাঁদের সঙ্গে থাকতেন। একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা—সব মিলিয়ে দুই পরিবারের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানান শাবনূর।
সালমানের সঙ্গে কাজের স্মৃতিচারণা করতে গিয়ে শাবনূর আরও বলেন, তাঁরা শুটিংয়ের ফাঁকে আনন্দ-আড্ডায় মেতে থাকতেন। কক্সবাজারে শুটিংয়ের সময় রাতে সাগরপাড়ে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজনও হতো। সেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সহশিল্পী ও পরিচালকও থাকতেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান। তাঁর মৃত্যুর পর তিন দশকে এসেও আলোচনা কমেনি। সালমানের মৃত্যু, ব্যক্তিজীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা বক্তব্য সামনে এসেছে। এর মধ্যে সালমান–শাবনূরের প্রেমের সম্পর্কের বিষয়টিও বারবার আলোচনায় ছিল। শাবনূর যেখানে বরাবরই তাঁদের সম্পর্ককে ভাই–বোনের বলে দাবি করে এসেছেন, সেখানে এবার সালমানের মা নীলা চৌধুরীও জানান—ছেলের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না।