একে শুরু, দুইয়ে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বীরাঙ্গনা ৭১’ চলচ্চিত্রে শাহেদ শরীফ খান ও শিরিন শিলা

বছরের শুরুটা হয়েছিল একটি সিনেমা মুক্তি দিয়ে। এইচ আর হাবিব পরিচালিত সেই সিনেমা ছিটমহল সেভাবে সাড়া জাগাতে পারেনি। তবে বছরজুড়ে মুক্তি পাওয়া ছবিগুলো কোনো না কোনোভাবে ছিল আলোচনায়। এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘হাওয়া’ ও ‘পরাণ’। এই ছবি দুটি ব্যবসায়িকভাবেও বেশ সফল বলে জানান প্রযোজক–পরিচালকেরা। একটি ছবি মুক্তি দিয়ে বছর শুরু হলেও শেষটা হচ্ছে দুটি মুক্তির মাধ্যমে। ছবি দুটির একটি ‘মেঘ রোদ্দুর খেলা’, অন্যটি ‘বীরাঙ্গনা ৭১’।

৩০ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবি দুটি দুই ঘরানার। ‘মেঘ রোদ্দুর খেলা’ একদল কিশোর-কিশোরীর অ্যাডভেঞ্চারের গল্প। মুক্তিযুদ্ধের সময়কার গল্প তুলে ধরা হয়েছে ‘বীরাঙ্গনা ৭১’-এ।

‘মেঘ রোদ্দুর খেলা’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

পরিচালক সূত্রে জানা গেছে, মেঘ রোদ্দুর খেলা মূলত সাত কিশোর-কিশোরীর গল্প। এদের কারও ও-লেভেল পরীক্ষা শেষ, কারও এসএসসি। এই বয়সে তারা ইন্টারনেট আসক্ত থাকে। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটি বিশেষ জিনিসের সন্ধান পায় এক কিশোর। বন্ধুদের নিয়ে সেই বিশেষ জিনিসটির আবিষ্কারের জন্য দেশের দক্ষিণাঞ্চলের একটি বনের উদ্দেশে বেরিয়ে পড়ে সে। সেই অভিযানে নানা বাধা আসে। প্রযুক্তির সাহায্যে এগোতে থাকে। অভিযানে নতুন নতুন গল্প তৈরি হয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

পরিচালক আউয়াল রেজা জানালেন, এটি ১৪ থেকে ১৬ বছরের কিশোর–কিশোরীর এই সময়ের গল্প। তাঁর দাবি, কিশোরদের নিয়ে এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। পরিচালক বললেন, ‘এই গল্প নিয়ে ছবি বানানোর প্রধান কারণ, আজকের কিশোর-কিশোরীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। এ ছাড়া আমাদের এখানে হাওয়া ও পরাণ প্রেক্ষাগৃহে নতুন দর্শক নিয়ে এসেছে। আবার কিছু ছবির কারণে দর্শক প্রেক্ষাগৃহবিমুখও হয়েছেন। আমি পুরোনো দর্শক ফেরাতে চাই না। বাংলা ছবির নতুন দর্শক সৃষ্টির উদ্দেশ্যে ছবিটি করেছি। ছবিটি দেখতে কিশোর-কিশোরীরা আসবে। তারা আগামী ১৫-২০ বছর সিনেমার নিয়মিত দর্শক হিসেবে তৈরি হবে।’

‘মেঘ রোদ্দুর খেলা’র এই পরিচালক জানিয়ে রাখলেন, ছবির গল্পে একটা বার্তা আছে। সমাজে কিশোর-কিশোরীর সুন্দর ও শৃঙ্খলভাবে বেড়ে ওঠার দিকনির্দেশনা আছে। ঢাকা ছাড়াও কুয়াকাটার ফাতরার বন, গঙ্গামতির চর, কলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ছবির শুটিং হয়েছে। কিশোর–কিশোরীদের নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতাও শোনালেন পরিচালক। তিনি বললেন, ‘এদের নিয়ে টানা ১২ দিন বনের মধ্যে শুটিং করেছি। পুরোপুরি স্বাধীনতা দিয়ে অভিনয় করিয়েছি। ওরা যে সিনেমায় অভিনয় করতে গিয়েছিল, তা বুঝতেই দিইনি। এতে গল্পের বাস্তবতার সঙ্গে দারুণ মিলেছে কাজটি।’

বছর শেষে ছবি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি অনুদানের ছবি। তাই এ বছরই মুক্তির বাধ্যবাধকতা আছে। তবে আগেই মুক্তির ইচ্ছা ছিল, কিন্তু শিডিউল খালি পাওয়া যায়নি।’ ছবিতে অভিনয় করেছেন টইটই হেলালি, অর্নিমা তাবাসসুম, রাফিদ স্মরণ, কিংবদন্তি চৌধুরী, নাফিস জাবীর, আনোয়ারুল রাজিত, জহুরাতুল তায়েবা, মাহমুদা মাহা। এ ছাড়া আছেন নাজনীন চুমকী, প্রাণ রায়, মিলি বাশার, মাজনুন মিজান প্রমুখ। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ আউয়াল রেজার। তিনি জানান, এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে ছয়টি সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে।

মুক্তিযুদ্ধের ছবি ‘বীরাঙ্গনা ৭১’–এ অভিনয় করেছেন শিরিন শিলা

মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বীরাঙ্গনা ৭১’। মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিন আগের প্রেক্ষাপটে ছবিটির গল্প শুরু হয়। শেষ হয় মুক্তিযুদ্ধ দিয়ে। ছবির পরিচালক এম সাখাওয়াত হোসেন জানান, ১৬ ডিসেম্বর ছবিটির মুক্তির কথা ছিল। কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবিটির কারণে তাঁর ছবিটির মুক্তি পিছিয়ে যায়।

তবে বছরের শেষের এ সময়টা সিনেমার জন্য ভালো সময় উল্লেখ করে পরিচালক বলেন, ‘নতুন বছরের শুরুর দিকে মানুষ একটু হাসি–আনন্দে থাকে। মানুষ একটু আনন্দ নিতে সিনেমায় আসুক, হলমুখী হোক। এ কারণেই এই সময়ে মুক্তি দিচ্ছি ছবিটি।’

ছবির কাহিনি শহিদুল ইসলামের। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরিন শিলা, শাহেদ শরীফ খান, মুনমুন, প্রাণ রায় প্রমুখ।

শিরিন শিলা জানালেন, ‘অভিনয়জীবনে এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম বীরাঙ্গনা জয়বুন। যেহেতু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, তাই আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। অনেক সতর্ক থেকে অভিনয় করছি, নিজের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পরিচালক যেমন সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সহশিল্পীও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’