‘প্রিন্স’–এর টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। আজ বেলা একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট।
টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে।
টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
শুরুতে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’ নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত, তবে তা নাকচ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তাঁর ভাষ্য, ‘“প্রিন্স” কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।’
এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে।