ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

প্রথমবারের মতো এ আয়োজনের বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’নির্মাতার সৌজন্যে

মনোনয়নের পর বাংলাদেশের সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে এবার এল প্রাপ্তির সুখবর। প্রথমবারের মতো এ আয়োজনের বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে। শুক্রবার রাত বাংলাদেশ সময় ১১টার দিকে পরিচালক রুবাইয়াতের হাতে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান এ পুরস্কারটি তুলে দেন।  

রুবাইয়াত প্রথম আলোকে বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া। এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’

প্রথমবারের মতো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিশিয়াল শাখায় (অরিজন্তি বিভাগে) মনোনয়ন পায়। সিনেমাটি ৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ার হয়। তার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যম সিনেমাটির প্রশংসা করেছে।

রুবাইয়াত প্রথম আলোকে বলেন, ‘খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এই সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত। সেই সিনেমাটি ভেনিসের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে যখন এই স্বীকৃতি এনে দেয়, সেটা আমার কাছে গভীরভাবে অর্থবহ। আমি চাই, এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু তার সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করুক।’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে

ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়ে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া রুবাইয়াতের জন্য সহজ ছিল না। কারণ, ভেনিসে হাজারো সিনেমার মধ্যে সেরা সিনেমাগুলো নির্বাচিত হয়। ধাপে ধাপে চলে এই প্রক্রিয়া। সেখানে এবার মূল পুরস্কারের আগেই সুসংবাদটি পেলেন রুবাইয়াত। পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শেষ হবে আজ ১২ সেপ্টেম্বর। আজ দেওয়া হবে অফিশিয়াল শাখার পুরস্কার। সেখানেও অরিজন্তি বিভাগে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশের এই সিনেমা।

আরও পড়ুন

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে। সিনেমাটি ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে। ভেনিস থেকেই টরন্টো উৎসবে অংশ নিতে যাবেন রুবাইয়াত। উৎসবটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।