শুভ–মন্দিরার নীলচক্র হয়ে গেল চক্রব্যূহ

মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ
ছবি: পরিচালকের সৌজন্যে

ইউটিউবে নতুন বাংলা সিনেমা খুঁজতে গিয়ে সামনে আসে চক্রব্যূহ। এক দিন আগেই সিনেমাটি মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। কবে তাঁরা এই নামে সিনেমা করলেন, এই কৌতূহল নিয়ে সিনেমাটি দেখতে থাকি। সিনেমার গল্প শুরু হলে দেখা যায়, এটা আদতে ঈদে মুক্তি পাওয়া সিনেমা নীলচক্র।

১ ঘণ্টা ৫১ মিনিটের সিনেমাটির শুধু নামই নয়, ভাষাও বদলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটের গল্পে ব্যবহার করা হয়েছে কলকাতার ভাষা। সিনেমায় বেশ কিছু দৃশ্যও সম্পাদনা করে পরিবর্তন করা হয়েছে। আলাদা করে কালার গ্রেডিংও করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় নতুনভাবে সিনেমাটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

সিনেমার একটি দৃশ্যে আরিফিন শুভ
ছবি: পরিচালকের সৌজন্যে

তাহলে কি কপিরাইট বিক্রির কারণে নতুন করে মুক্তি পেল সিনেমাটি? পরিচালক মিঠু খান জানালেন ভিন্ন কথা। শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পরে প্রতিবেদকের কাছে সিনেমাটির লিংক চান তিনি। সিনেমাটির কিছু অংশ দেখে ফোন করে বলেন, ‘এটা কীভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে জানি না। কপিরাইটে ইউটিউব চ্যানেলের কাছে বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা সিনেমাটি ইউটিউবে ছেড়েছে, এটা আমরা খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেব।’

মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ
ছবি: পরিচালকের সৌজন্যে

পরিচালক জানান, সিনেমাটির ডিজিটাল সংস্করণ অন্য কারও কাছে থাকার কথা নয়। তবে তিনি বলেন, ‘আমি সিনেমার কাজ করিয়েছি কলকাতায়। তাদের কাছে একটি কপি রয়েছে। আমার ধারণা, সেখান থেকেই কাজের সঙ্গে যুক্ত কেউ সিনেমাটি ইউটিউবে প্রকাশ করেছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হলাম। কারণ, সিনেমা কয়েক দিন আগেই দেশের আই স্ক্রিনে মুক্তি পেয়েছে। কারা এটা ছেড়েছে, সেটা পোস্টের কাজ করা প্রতিষ্ঠানে খবর নিলেই জানা যাবে। আমরা দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করছি।’

আরও পড়ুন
‘নীলচক্র’ ছবির পোস্টার

কী আছে এই সিনেমায়? হঠাৎ করেই অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে একটি চক্র। এই গল্প নিয়েই নীলচক্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেন সংগীতশিল্পী বালাম।