ভারতের পর এবার দেশের প্রেক্ষাগৃহে
শুক্রবার দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইফুল ইসলাম পরিচালিত ছবি ‘পায়ের ছাপ’। নারীর সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
‘পায়ের ছাপ’ ছবির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক সাইফুল ইসলাম, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, সংগীত পরিচালক রিপন খান ও ফোয়াদ নাসের বাবু প্রমুখ।
অভিনয়জীবনের শুরুতে মেঘলা মুক্তা ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’ ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার নায়িকা হিসেবে অভিষেকের খবরে উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, ‘আমার তো অনেক আগে থেকেই চাওয়া ছিল দেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হওয়া। কিন্তু এত দিন হয়নি। দেরিতে হলেও শেষ পর্যন্ত যে হচ্ছে, এটা আমার জন্য খুব আনন্দের। দেশের প্রেক্ষাগৃহের বড় পর্দায় নিজেকে দেখার জন্য মুখিয়ে আছি।’
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের ছবি দিয়ে অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ অনেক লাক্স তারকা ছবিতে অভিষেক করেছেন। এবার ইমপ্রেসের ‘পায়ের ছাপ’ দিয়ে বাংলা চলচ্চিত্রে মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।’
সাইফুল ইসলামের ‘পুত্র’ ছবিটি একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ‘পুত্র’খ্যাত এই বলেন, ‘“পায়ের ছাপ” দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। ছবিটি এই ভয়কে জয় করার গল্প। ছবিতে সেটাই দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে, সেই গল্প তুলে ধরা হয়েছে।’ হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে পরিচালক বলেন, ‘“পায়ের ছাপ” দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায়, সেটাই হবে এই ছবির সার্থকতা।’
তেলেগু ছবিতে আগেই অভিষেক হয়েছিল মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তেলেগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোনো একটা জায়গায় অতৃপ্তি কাজ করছিল। সব সময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরি। “পায়ের ছাপ” তেমনই একটি ছবি। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবি করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক ছবিটি দেখলে নতুন করে বাঁচার মায়া পাবেন।’
ইতিমধ্যে ‘পায়ের ছাপ’-এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া প্রমুখ। নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে ‘পায়ের ছাপ’-এ। সংশ্লিষ্টরা জানান, এই ছবি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা জোগাবে।