১৮ দিনে কয় লাখ দর্শক দেখলেন ‘বনলতা এক্সপ্রেস’, কত কোটি আয়
ঈদে মুক্তি পায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির পর থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। এবার জানা গেল নতুন তথ্য। দর্শকদের আগ্রহ এবার টিকিটের সংখ্যায়ও দৃশ্যমান। কত দর্শক টিকিট কেটে সিনেমাটি দেখেছেন সেই তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ১৮ দিনে কত দর্শক দেখলেন আর কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?
বাংলা সিনেমায় এমন দর্শকসংখ্যা প্রকাশ করার তথ্য খুব একটা দেখা যায় না। কিন্তু সিনেমাটি শুধুই দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ায় টিকিটের সংখ্যা জানা গেছে। এই অর্জনকে দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখছেন পরিচালক ও প্রযোজনা সংশ্লিষ্টরা।
পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ, দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’ তিনি জানান সিনেমাটি গত ১৮ দিনে ১ লাখের বেশি দর্শক টিকিট কেটে উপভোগ করেছেন।
প্রযোজনা সূত্রে আরও জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন আয়ে শীর্ষে রয়েছে। গত মুক্তির পর থেকে সিনেমাটি ৫ কোটি টাকার বেশি আয় করেছে। এদিকে সিনেমাটি বিদেশের বাজারেও সাড়া ফেলেছে। শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় লাখ ডলার ছড়িয়ে গেছে।
‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। প্রযোজনায় আছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।
সিনেমার গল্প নিয়ে পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।