মায়ের প্রিয় ফুল আর স্মৃতিঘেরা ছাদ, আবেগপ্রবণ শুভ

মায়ের সঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভছবি : শুভর ফেসবুক থেকে

দুই বছর আগে মারা যান আরিফিন শুভর মা খাইরুন নেছা। মাকে স্মরণ করে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা। মৃত্যুর আগে মা ও ছেলে দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলেন। অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে ছুটে বেড়ানো, তাঁর দেখভাল করা—এসব স্মৃতি আজও শুভকে তাড়া করে বেড়ায়। ২০২৩ সালের আজকের দিনে রাত ১১টা ৫৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শুভর মা মারা যান। আট বছর ধরে তিনি ঢাকার বাসাতেই থাকতেন। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগে ভুগছিলেন। পাশাপাশি বার্ধক্যজনিত নানা সমস্যাও ছিল।

আরিফিন শুভ
ছবি : শিল্পীর ইনস্টাগ্রাম

মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভ ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের পছন্দের ফুল। ছাদে তাঁর প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’

মাসহ পরিবারের অন্যদের সঙ্গে আরিফিন শুভ
ছবি : সংগৃহীত

এরপর আরিফিন শুভ আরও লেখেন, ‘আমার এখনো মনে হয়, বাসায় ফিরেই “মা” বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব। বলব—মা, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু…মা আল্লাহর কাছে আজ দুই বছর।’ শুভ ভক্তদের মায়ের জন্য দোয়া চেয়েছেন।

আরিফিন শুভ এখন নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সাইফ চন্দন পরিচালিত এই পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। এর পাশাপাশি তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’-এ অভিনয় করেছেন। এ ছাড়া তাঁকে দেখা যাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের সিরিজ ‘জ্যাজ সিটি’তে।