এবার বনলতা এক্সপ্রেস ওটিটিতে, কবে থেকে ঘরে বসেই দেখা যাবে
পবিত্র ঈদুল ফিতরের আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এবার হইচইতে আসছে। ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে হইচই।
প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেক্ষাগৃহে দুই মাস চলার পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি কথা ছিল। সেভাবেই এবার সব দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে ওটিটিতে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
তানিম নূর পরিচালিত সিনেমাটি হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। ঈদুল ফিতরে মুক্তির পর থেকে সিনেমাটির বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আয় ১৪ কোটি টাকার বেশি। বিদেশের বাজারসহ আয় ২০ কোটির বেশি। গত শুক্রবারেও এটি মাল্টিপ্লেক্স থেকে ২৪ লাখ টাকা আয় করে।
সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।