হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড নায়ক জায়েদ খান। সেখানে মঞ্চ মাতাতে অভিনয়, কখনো ডিগবাজি, কখনো সহশিল্পীদের সঙ্গে নেচে আলোচনায় আসছেন। এবার নতুন করে আলোচনায় এলেন মিউজিক ভিডিও ঘিরে। প্রথমবারের মতো বড় পরিসরে কোনো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘শিকারি’ শিরোনামে গানটি আজ ইউটিউবে মুক্তি পাবে।
বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির প্রচারণা চালাচ্ছেন এই ঢালিউড অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির একসময়ের আলোচিত–সমালোচিত সাধারণ সম্পাদক জায়েদ। গানটির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানালেন, ‘স্পোর্টসকার, মোটরসাইকেল, রুশ মডেল, হলিউড সিনেমার লোকেশনে শুটিং—কী নেই আমার গানে!’
জায়েদ বলেন, ‘এই গান দেখে মানুষ হাসাহাসি করবে না, এটা নিশ্চিত। এত বড় আয়োজনে দেশের তেমন কেউ কাজ করেনি। যে কারণে আয়োজনের কথা শুনেই মিউজিক ভিডিও করতে রাজি হয়ে যাই। একদম হলিউড স্টাইলে শুটিং করা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছি, হলিউড স্টাইলে কাজ না করাটা একটা অপ্রাপ্তি ছিল। এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি। সেটা গান দেখলেই দর্শকেরা বুঝবেন।’
জায়েদ জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ অনেক লোকেশনে শুটিং হয়েছে। ‘গানটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমরা একটা সিনেমার গানেও এত সময় দিই না। এমনকি এত সুন্দর লোকেশনে আমাদের সিনেমার শুটিংও হয় না। আমি চেয়েছি গানটি আমরা প্রবাসী দর্শকসহ দেশের দর্শকেরা দেখুক। তাদের ভালো লাগবে,’ বলেন তিনি।
আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে মিউজিক ভিডিও ‘শিকারি’। গানটি গেয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। তাঁর সঙ্গে আছেন দেশি-বিদেশি সাতজন মডেল। বাংলাদেশের মডেল ইয়াসমিন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা গানের ভিডিওটিতে অংশ নিয়েছেন।
গত মাসে গানটির দৃশ্যধারণ হয়েছে। গানের কোরিওগ্রাফার ছিলেন রোহান বিল্লাল এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। গানটি লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।