‘বনলতা এক্সপ্রেস’–এ শোনা গেল, ‘দুইটা কথা মনে রাখবে...’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে মোশাররফ করিম ও শরীফুল রাজছবি: ভিডিও থেকে

ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিশিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো ফার্স্টলুক, যা প্রকাশের পরপরই দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ফার্স্টলুকে চিত্রা চরিত্রে সাবিলা
ছবি: ভিডিও থেকে

আজ সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়। এতে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ—যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। চিত্রা, ডা. আশহাব, সাজেদা, আফিয়া, আজিজ, সুরমা, রশিদ উদ্দিন—প্রতিটি চরিত্রের উপস্থিতি যেমন আলাদা, তেমনি তাদের স্বভাব এবং মেজাজও তুলে ধরা হয়েছে।

ফার্স্টলুকজুড়ে একটি নেপথ্য কণ্ঠ দর্শকের কৌতূহল বাড়িয়েছে। যদিও সেখানে কণ্ঠের পরিচয় জানানো হয়নি, তবে দর্শকের বুঝতে বাকি নেই যে এটি নুহাশ হুমায়ূনের কণ্ঠ। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে তাঁকে।
এ ছাড়া মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করা হয়েছে এই ফার্স্টলুকে, যা দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির উপাদান যোগ করেছে।

ফার্স্টলুকে আজমেরী হক বাঁধন
ছবি: ভিডিও থেকে

পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।
দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।