ব্যবসায়ীর সঙ্গে নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন
বিনোদন অঙ্গনে পূজা চেরীর প্রেমের গুঞ্জন নতুন নয়। প্রযোজক, পরিচালক কিংবা একাধিক নায়কের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তবে এবার গুঞ্জনটা প্রেম নিয়ে নয়, সরাসরি বিয়ে নিয়ে! শোনা যাচ্ছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। এমনকি ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, এরই মধ্যে নাকি বিয়েটাও সেরে ফেলেছেন পূজা। তবে সত্যিই কি বিয়ে করেছেন তিনি? নাকি নিছকই গুঞ্জন—উত্তরটা এখনো রহস্যই রয়ে গেছে।
বিয়ের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে পুরোপুরি নীরব পূজা চেরী। তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অবশ্য বিয়ে নিয়ে পূজার ইঙ্গিত এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, বছর দুয়েক আগেই নাকি নীরবে বাগ্দান সেরে ফেলেছেন এই অভিনেত্রী। অন্যদিকে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিতে চান বলেও জানিয়েছিলেন। তবে বাগ্দত্তার পরিচয় তখনো প্রকাশ করেননি তিনি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি। ফলে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁর চুপচাপ থাকাটা রহস্য আরও বাড়িয়েছে। সত্যিই কি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা, নাকি বিয়ের গুঞ্জনের পেছনে অন্য কোনো গল্প আছে—এখন সেই উত্তর খুঁজছেন তাঁর ভক্তরাও।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এই ছবিতে তাঁর জুটি ছিলেন সিয়াম আহমেদ। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’,‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’, ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন।