শাকিব খানের ৩০ লাখ টাকা আত্মসাৎ: যা বললেন ভারতীয় প্রযোজক ও শাকিব খান

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, শাকিব খান ও রানা সরকারকোলাজ : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার সকাল সকাল ফেসবুকে তর্কে জড়ান কলকাতার প্রযোজক রানা সরকার ও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তর্কের একটা পর্যায়ে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নামও জড়ান তাঁরা। রানা সরকারের দাবি ছিল, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামের এই অভিনেতার পরিবার শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে অবশ্য জয়জিৎ জানান, ‘আমি অভিনেতা হয়ে একজন অভিনেতার থেকে কেন ৩০ লাখ টাকা নেব? ইতিমধ্যেই রানা সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা নিয়েছি। আইনজীবীর সঙ্গে কথা বলেছি। হেডলাইনে থাকার জন্য তিনি যা পারছেন, তা–ই বলছেন। শুধু আমাকে নয়, জীতু, কমল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—সবাইকে নিয়েই সে কথা বলে, কিন্তু তাতে কারোর কিছু যায়–আসে না। ও সব সিনেমার ঘোষণা করে, কিন্তু রিলিজ হতে দেখা যায় না। আর একটা লোক কতটা নিচে নামলে আমার স্ত্রী ও ছেলেকে এ বিষয়ে টেনে আনে। খুব শিগগির আমি রানা সরকারের জবাব দেব।’

শাকিব খান
ছবি : সংগৃহীত

প্রথম আলোর সঙ্গে কথা হয় প্রযোজক রানা সরকারের সঙ্গেও। তাঁর কাছে প্রশ্ন ছিল, শাকিব খানের কিসের টাকা মেরে দিয়েছেন জয়জিৎ বন্দ্যোপধ্যায় ও তাঁর পরিবার? উত্তরে রানা সরকার বলেন, ‘এ ঘটনা তো অনেক আগের। চার-পাঁচ বছর আগের। শাকিব খান যখন আমাদের এখানে নিয়মিত কাজ করছিলেন, তখনকার ঘটনা। ছবির কাজ ও স্টেজ শোর কাজের সময় এসব অর্থের লেনদেন হয়েছে বলে জেনেছি।’ শাকিব খানের টাকা যে জয়জিৎ বন্দ্যোপধ্যায় মেরে দিয়েছেন, এসবের কোনো প্রমাণ আপনার কাছে আছে কি? রানা সরকারের উত্তর, ‘এটা আমাদের এখানকার সবাই জানে, প্রমাণের তো কিছু নেই। ও রকম প্রমাণ তো দেখানো সম্ভব নয়। এখন কেউ যদি অস্বীকার করে, তা তো কিছু করার নেই।’

এদিকে পুরো বিষয় নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘এটা একেবারে ভুয়া খবর। রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি ভারতে কাজ করেছি, তখন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু এই নামে কারও কথা মনে করতে পারছি না। যাদের কথা মনে করতে পারছি না, তাদের কারও সঙ্গে অর্থনৈতিক লেনদেন করার তো প্রশ্নই আসে না। পুরো বিষয় শুনে মনে হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব। আমার নামটা জড়ালে হয়তো খবরে আসা যাবে, তাই এমনটা করেছে। আমার মনে হয়, শাকিব খান নামটা জড়িয়েছে শুধু আলোচনায় আসতে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে তো তারা এসেছে ঠিকই।’

শাকিব খান
ছবি : সংগৃহীত

শাকিব খান জানিয়েছেন তিনি এই নামের কারও কাছে কোনো টাকা পান না এবং তাঁদের চেনেনও না, এমনটা জানানো হলে রানা সরকার বলেন, ‘আমি যা জানি, তা–ই জানালাম। এখন যার টাকা সে যদি না জানে, আমার কীই–বা করার আছে।’ শাকিব খানের সঙ্গে কখনো দেখা হয়েছে কিংবা আপনাকে চেনেন কি না, জানতে চাইলে রানা সরকার বলেন, ‘ঢাকায় এফডিসি না কোথায় যেন একবার দেখা হয়েছিল আমাদের।’

কলকাতার প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে অভিযোগ, তাঁর থেকে কোটি টাকার বেশি পাওনা রয়েছে টেকনিশিয়ানদের। সোমবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ। সে কারণেই আটকে দেওয়া হয়েছে তাঁর আগামী ছবির শুটিং। সিনে সাপ্লায়ার্স গিল্ডের দাবি, আগের টাকা না মেটালে তিনটি ছবি ‘কলকাতা ৯৬’, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘বেহায়া’র শুটিং করতে দেবে না তারা। অন্যদিকে রানা সরকারের দাবি, কেউ তাঁর থেকে টাকা পান না। মঙ্গলবার এক প্রযোজকের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আনেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হয়েছে এ বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু অডিও ক্লিপ শেয়ার করেছেন রানা সরকার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জোর গলায় বলছি, আমার কাছে কেউ টাকা পায় না। যদি কেউ প্রমাণ করতে পারে টাকা পায়, আমি দ্বিগুণ দেব। যারা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে শুটিং হবে না, আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য সিনেমা বানাতে গেছিলাম, উল্টো আমাদের ধমকি দেওয়া হলো, এর প্রতিকার না হলে শুটিং হবে না। আমার একার দায় নেই ভালো সিনেমা বানানোর, আমি অলরেডি ২৫ লাখ টাকা খরচ ফেলেছি, তবু প্রাণের ভয় নিয়ে কাজ করব না।’

শাকিব খান
ছবি : প্রথম আলো

রানার এই পোস্টের পরই আজ মঙ্গলবার সকালে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর—সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা–পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সঙ্গে ছবি দেয়।’ তাঁর পোস্টের কমেন্টে রানা সরকার লেখেন, ‘আমার কথা বলছ ভাই? অনেক আগেই তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, অফিসে আসতে বলেছিলাম, তখন তো পালিয়ে গেলে? আবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছ? সাহস থাকে তো এসো সামনাসামনি কথা বলি, সেটা ফেসবুক লাইভে দেখাই সবাইকে? সাহস আছে, নাকি আবার পালিয়ে যাবে?’ তবে এখানেই শেষ নয়, এরপর রানা সরকার আবার একটি পোস্ট করে বিস্ফোরক দাবি করেন, ‘জয়জিতের পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের থেকে ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। স্ক্রিনশটগুলো থাকল আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’ জয়জিৎকে মিথ্যাবাদীও বলেন প্রযোজক।