দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা ‘মানুষের বাগান’
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি ‘মানুষের বাগান’। ১৯ মে উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন নির্মাতা নুরুল আলম আতিক।
বাংলাদেশ হাইকমিশনার নিউ দিল্লি ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা যায়, নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ সমাপনী আয়োজনে চলচ্চিত্রটির পরিচালক ও পুরো টিমের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। এ দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর এই আন্তর্জাতিক অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিনেমার পরিচালক নুরুল আলম আতিক প্রথম আলোকে বলেন, ‘সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের এই স্বীকৃতি ভালো লেগেছে। বেশ আগে কাজটি করা। এতে কলাকুশলীরা সবাই আমাকে দারুণ সহায়তা করছিলেন। তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটি শিগগির দর্শক দেখবেন। দর্শকদের ভালো লাগলেই আমরা সার্থক। সিনেমার শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা।’
কী আছে এই সিনেমায়? সেই ধারণা পাওয়া যায় সিনেমার পোস্টারে, পৃথিবীটা যেন এক বিশাল গোল বাগান। সেই বাগানের চারদিকে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ—কেউ গাছ লাগাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মাটি খুঁড়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে, আবার কেউ ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সেখানে শিশু আছে, তরুণ আছে, বৃদ্ধও আছে। প্রত্যেকে নিজের মতো ব্যস্ত, অথচ অদৃশ্য এক সুতোয় সবাই জড়িয়ে আছে একই পৃথিবীর সঙ্গে। পরিচালক নুরুল আলম আতিকের মতে, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’–এর কাহিনি।
২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। এক বছরের মধ্যে শুটিং শেষ হলেও পরে নানা কারণে সিনেমাটি প্রস্তুত হতে সময় লাগে। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পায়। এ বছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমা এটি।
পরিচালক আতিক জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহের পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ত্রিনে সিনেমাটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা মিঠু, মাহমুদ আলম, প্রসূন আজাদসহ অনেকে। ৪ থেকে ৮ মে পর্যন্ত চলে এই উৎসব।