ব্ল্যাকে টিকিট কেটে নিজের সিনেমা দেখলেন নায়ক

শরিফুল রাজ
প্রথম আলো

‘জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা “পরাণ”–এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো। সঙ্গে “পরাণ”-এর পরিচালকও।’ এমন বাক্য লিখে আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন ‘পরাণ’ ছবির নায়ক শরীফুল রাজ। ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে মধুমিতা হলের মূল ফটকের সামনের ঘটনা। রাজের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক। রায়হান রাফির মুখেও মাস্ক। তাঁদের চেনার কোনো উপায় নেই। তাঁরা বাইরে দুজনের সঙ্গে টিকিট নিয়ে দরদাম করছেন। এরপর আড়াই শ করে এক হাজার টাকা দিয়ে চারটি টিকিট কিনে ভেতরে গেলেন।

‘পরাণ’ চলচ্চিত্রে মিম ও রাজ
ছবি : সংগৃহীত

শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি, পরিচালকসহ কয়েকজন দর্শক বেশে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। যাওয়ার আগেই কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। পরে ব্ল্যাকে টিকিট কেটে হলে ঢুকেছি।’ রাজ আরও বলেন, ‘শো হাউসফুল। অষ্টম সপ্তাহে এসেও “পরাণ” হাউসফুল। একসময় জীবনে ব্ল্যাকে টিকিট কেটে অনেক সিনেমা দেখেছি। আজ সেই স্মৃতি মনে পড়ে গেল। সিনেমা হলে বাংলা সিনেমার সত্যিকারের ফিল পেয়েছি আজ। সবচেয়ে বড় কথা, নিজের সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হবে, জীবনেও ভাবিনি।’ মুক্তির অষ্টম সপ্তাহে পড়েছে ‘পরাণ’। এর আগে মধুমিতা হলে এক সপ্তাহ চলার পর ‘পরাণ’ নেমে যায়। আজ থেকে দ্বিতীয়বার মধুমিতা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

‘পরাণ’ ছবিতে ইয়াশ রোহান ও মিম। ছবি: সংগৃহীত

‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আজ সন্ধ্যা ছয়টার শো শুরু হওয়ার ১০ মিনিট আগে আমরা হলে যাই। গিয়ে দেখি, কাউন্টার বন্ধ হয়ে গেছে। যেহেতু শেষ সময়, তাই বাধ্য হয়ে ব্ল্যাকে টিকিট কেটেছি। শুনেছি, হলটির ১ হাজার ২০০ সিট। এত বড় হল, তা–ও হাউসফুল। কিছু দর্শকের সঙ্গে কথা বলেছি, তাঁরা কেউ কেউ “পরাণ” তিন–চারবার দেখেছেন।’

আজ শুক্রবার মধুমিতা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন শরিফুল রাজ ও রায়হান রাফি

এই পরিচালক আরও বলেন, ‘প্রায় দুই মাস হয়ে গেল ছবিটি মুক্তি পেয়েছে। এই হলে দ্বিতীয়বারের মতো উঠেছে ছবিটি। বলতে পারেন, এটি পুরোনো ছবি। তারপরও হাউসফুল। আমি অবাক হয়েছি। আমরা দর্শক বেশে হলে ঢুকেছিলাম। ব্ল্যাকে টিকিট কেটে সিনেমাটি দেখলাম। অনেক বছর পর বাংলা সিনেমার জন্য এটি রেকর্ড।’
গত ১০ জুলাই পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্সসহ দেশের ৩৩টি প্রেক্ষাগৃহে চলছি ছবিটি। ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিম, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ।